নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৪৪৭ কোটি টাকা। সে হিসেবে প্রতিদিন আসছে প্রায় ৮১৮ কোটি টাকার বেশি। এভাবে এলে চলতি মাসেও রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর মাধ্যমে চলতি অর্থবছরের টানা সাত মাস দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে এসেছে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স। আলোচিত সময়ের মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার।
