মুলতানে কে জিতবে

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ এএম

টেস্টের প্রথম সকালে ৩৮ রানে ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ১৬৩ রানে অল আউট হয়েও প্রথম ইনিংসে ৯ রানের মূল্যবান লিড পায় স্পিনারদের নৈপুণ্যে। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ফিফটি ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় গতকাল দ্বিতীয় ইনিংসে তারা করে ২৪৪ রান। পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়ায় ২৫৪। চালেঞ্জিং লক্ষ্য তাড়ায় পাকিস্তান ৭৬ রানেই হারিয়ে ফেলেছে ৪ উইকেটে। আজ তৃতীয় দিনে আরও ১৭৮ রান চাই তাদের। তবে স্পিন-স্বর্গে পাকিস্তানের বাকি ব্যাটাররা এই রান করতে পারবেন কি না সন্দেহ।

জিততে হলে মুলতানে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে। এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা পাকিস্তানেরই। ২০০৩ সালে ইনজামাম-উল-হকের বীরত্বে (১৩৮*) বাংলাদেশের বিপক্ষে ২৬১ রানের লক্ষ্য সফলভাবে তাড়া করেছিল পাকিস্তান।

লক্ষ্য তাড়ায় প্রথম তিন ওভারেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। নিজের প্রথম বলে শান মাসুদকে এলবিডব্লিউ করে দেন অফ স্পিনার কেভিন সিনক্লেয়ার। পরের ওভারে বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতির বলে রিভার্স সুইপের চেষ্টায় এলবিডব্লিউ হন মোহাম্মদ হুরাইরা। নিজের পরের ওভারে কামরান গুলামের উইকেটও পেতে পারতেন মোতি কিন্তু গালিতে ক্যাচ নিতে পারেননি জাস্টিন গ্রেভস। ১৩ রানে বাবর আজমের ফিরতি ক্যাচ নিতে পারেননি মোতি নিজেই, যদিও কঠিন ছিল সেটি। জীবন পাওয়া দুই ব্যাটসম্যান প্রতিরোধের চেষ্টা করেন। তবে ৪৩ রানের জুটি ভাঙে কামরানের বাজে শটে। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানকে বেরিয়ে এসে খেলে বল আকাশে তুলে দেন এই ব্যাটসম্যান। দিনের শেষ দিকে বাবরকে (৭৬ বলে ৩১) ফেরান সিনক্লেয়ার। শর্ট লেগে ক্যাচ দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

একবার জীবন পেয়ে ১৩ রানে অপরাজিত আছেন শাকিল। তার সঙ্গী ‘নাইটওয়াচম্যান’ কাশিফ আলি।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ১৬৩ ও ২৪৪ (ব্র্যাথওয়েট ৫২, লুই ৭, জাঙ্গু ৩০, হজ ১৫, আথানেজ ৬, গ্রেভস ১০, ইমলাখ ৩৫, সিনক্লেয়ার ২৮, মোতি ১৮, ওয়ারিক্যান ১৮, রোচ ৪*; সাজিদ ৪/৭৬, নোমান ৪/৮০, কাশিফ ১/২৩, আবরার ১/৪৫)।

পাকিস্তান : ১৫৪ ও ৭৬/৪ (মাসুদ ২, হুরাইরা ২, বাবর ৩১, কামরান ১৯, শাকিল ১৩*, কাশিফ ১*; সিনক্লেয়ার ২/৪১, ওয়ারিক্যান ১/৩)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত