প্লে-অফে বরিশাল

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:০০ এএম

জিতলেই প্লে-অফ নিশ্চিত, মিরপুরে গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে এমন সমীকরণ নিয়েই খেলতে নেমেছিল ফরচুন বরিশাল। সিলেটকে ১১৬ রানে অলআউট করে ৪ ওভার হাতে রেখে ৮ উইকেটে ম্যাচ জিতেছে বরিশাল। তাতে এবারের বিপিএলে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ পর্বে খেলাও নিশ্চিত হয়েছে তামিম ইকবালের দলের।

মিরপুরে দিনের ম্যাচে ১১৭ টার্গেট কঠিন কিছু নয়। তবু দলীয় ৩৯ রান তুলতে ২ উইকেট হারায় বরিশাল। বরিশালের ওপেনার তাওহীদ হৃদয় ৭ বলে ৬ এবং ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান ৮ বলে ৯ রান করে বিদায় নেন। তবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অবিচ্ছেদ্য ৮১ রানের জুটিতে বাকি পথ সহজেই টপকে যায় বিপিএলে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে অনিশ্চয়তা বলতে ছিল শুধু তামিমের ফিফটি পাওয়া নিয়ে। দুই দলের স্কোর যখন সমান (১১৬), তামিম দাঁড়িয়ে ৪৮ রানে। সুমন খানের বলে স্ট্রেট ড্রাইভে চার মেরে দলের জয় ও ফিফটি পেয়ে যান তামিম। এবারের বিপিএলে তৃতীয় ফিফটি করে তামিম অপরাজিত থাকেন ৫২ করে। ৫১ বলের ইনিংসে এই বাঁহাতি মেরেছেন ৬ চার। তামিমের সঙ্গী মুশফিকুর রহিম ৩০ বলে করেন ৪২ রান। ৪ চার ও ১ ছক্কা মেরেছেন মুশফিক।

তার আগে পাকিস্তানি মিডিয়াম পেসার ফাহিম আশরাফের কাছেই মূলত আত্মসমর্পণ করেন সিলেটের ব্যাটসম্যানরা। ৩.১ ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন ফাহিম। বিপিএল ইতিহাসে এর চেয়ে কম রানে ৫ উইকেট নেওয়ার ঘটনা আছে মাত্র একটিই। ২০১১-১২ মৌসুমে দুরন্ত রাজশাহীর হয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেটের দশম ম্যাচে এটি অষ্টম হার। কাগজে-কলমে সম্ভাবনা থাকলেও সিলেট স্ট্রাইকার্সের লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত বলাই যায়। প্লে-অফ নিশ্চিত করা বরিশালের ৯ ম্যাচে পয়েন্ট ১৪। রংপুর আগেই প্লে-অফ নিশ্চিত করেছে। বরিশালের ম্যাচ বাকি খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংসের বিপক্ষে। সিলেট তাদের শেষ দুই ম্যাচ খেলবে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসের বিপক্ষে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত