সিটিতে এসে পথ হারাল ‘ট্রেন’

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:০০ এএম

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির কাছে হার আর সেই সঙ্গে ভ্রমণের ক্লান্তি দুই মিলিয়ে চেলসির সঙ্গে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন করেনি ম্যানচেস্টার সিটি। কিন্তু ঘরের মাঠে জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি পেপ গার্দিওলার দলের। ইতিহাদে আগে গোল হজম করলেও ৩-১ ব্যবধানে জিতেছে ম্যানসিটি। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে সিটি। আর হারের কারণে ছয়ে নেমে যেতে হয়েছে চেলসিকে।

ম্যাচের তৃতীয় মিনিটে গোল হজম করে ম্যানসিটি অভিষিক্ত উজবেক ডিফেন্ডার আবদুকোদির খুসানভের ভুলে। তার দুর্বল ব্যাকপাস নিয়ন্ত্রণে নেন চেলসির নিকোলাস জ্যাকসন। তার কাছ থেকে বল পেয়ে ফাঁকা জালে বল পাঠান মাদুয়েকে। পরের মিনিটে চেলসির কোল পালমারকে পাস দিয়ে বসেন কুজানভ। বল উদ্ধার করতে গিয়ে দেখেন হলুদ কার্ড। উজবেকিস্তানের ২০ বছর বয়সী ডিফেন্ডারের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। খুসানভকে উজবেকিস্তানে ডাকা হয় ‘দ্য ট্রেন’ নামে। তবে সিটিকে অভিষেকে যেন পথ হারালেন তিনি। দেখা মেলেনি গতির।

প্রথমার্ধেই সমতায় ফেরে স্বাগতিকরা লেফট-ব্যাক গাভার্দিওলের গোলে। এই মৌসুমে লিগে এটি তার পঞ্চম গোল। যা ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ। ৬৮ মিনিটে গোলকিপার এদেরসনের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে নেন আর্লিং হালান্ড। এদেরসনের উঁচু করে বাড়ানো বল ধরে চেলসির শ্যালোবাকে এড়িয়ে এগিয়ে যান হালান্ড। তাকে ঠেকানোর চেষ্টায় এগিয়ে আসেন গোলকিপার সানচেজ। কিছুই করতে পারেননি, ফাঁকা জালে বল পাঠান নওরোজিয়ান এই ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান গোলরক্ষকের এটি পঞ্চম অ্যাসিস্ট। গোলরক্ষকের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ। ৮৭ মিনিটে ফোডেন গোল করলে ৩-১ এ এগিয়ে যায় ম্যানসিটি।

খুসানভকে নিয়ে পেপ গার্দিওলা বলেন, ‘খুব ভালো শুরু এটা নয়, তাই না? তবে সে শিক্ষা নেবে। এখনো অনেক কম বয়স, অনভিজ্ঞ। একটি ট্রেনিং সেশনের পর এত বড় ম্যাচ সে খেলছে। নিকোলাস জ্যাকসন, কোল পালমার, এ রকম অবিশ্বাস্য ফুটবলারদের সামলানোর কাজটা সহজ নয়। সে অবশ্যই শিখবে। এখনো তরুণ সে, ভুল থেকে শিখবে।’ ভুল নিয়ে কুজানভকে কিছু বলা হবে কি না, এই প্রশ্নে গার্দিওলা মজা করে বলেন, ‘ওর সঙ্গে কথা বলার জন্য আমাকে রুশ বা উজবেক ভাষা শিখতে হবে। খুব সাবলীলভাবে ইংরেজি বলতে পারে না সে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত