ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজেরও আজ সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সোমবারের (২৭ জানুয়ারি) সব পরীক্ষা স্থগিত করা হলো।
এদিকে শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, পুলিশের একপেশে আচরণের প্রতিবাদে ঢাকা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।
রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা কলেজের সামনে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পার্সন আব্দুর রহমান।
অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। এ ঘটনায় ‘গভীরভাবে মমর্মাহত’ জানিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন তিনি।
শিক্ষার্থীদের সংঘর্ষ ‘দুঃখজনক’, সবাইকে ধৈর্য ধরার আহ্বান ঢাবি প্রো-ভিসির