উইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিতলেই সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশের মেয়েদের। তবে ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে। ২-১ ব্যবধানে সিরিজ হারের পাশাপাশি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
এই হতাশার মধ্যেই শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দলকে মানসিকভাবে চাঙা করতে টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করার লক্ষ্য জ্যোতিদের।
ওয়ানডে সুপার লিগে সরাসরি বিশ্বকাপ খেলার শেষ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। ১৮৪ রানের স্কোর রক্ষা করে ৬০ রানের বড় জয় তুলে নেয় তারা। ওই জয়ে ২১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে সমান অবস্থানে আসে বাংলাদেশ।
শেষ ম্যাচে সরাসরি বিশ্বকাপে ওঠার সমীকরণ ছিল সহজ—জিততে হবে বা ম্যাচ পরিত্যক্ত হতে হবে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ৮২ রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। সিরিজ হারার পাশাপাশি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে এখন বাছাইপর্বে লড়তে হবে টাইগ্রেসদের।
ওয়ানডে সিরিজের পর এখন টাইগ্রেসদের সামনে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। ক্যারিবীয়দের বিপক্ষে এখন পর্যন্ত এই ফরম্যাটে জয় পায়নি বাংলাদেশ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও লড়াই করতে পারেনি তারা। তবুও অধিনায়ক জ্যোতি মনে করেন, টি-টোয়েন্টিতে ভালো করলে দল মানসিকভাবে উজ্জীবিত হবে।
বিসিবির দেওয়া ভিডিও বার্তায় জ্যোতি বলেন, ‘ওয়ানডে সিরিজে ভালো করতে পারিনি। প্রত্যাশা ছিল সিরিজ জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করব। সেটা করতে না পারায় পুরো দলই হতাশ। এখন যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে আসতে হবে। যদি টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারি, সেটা দলকে মানসিকভাবে অনেক উজ্জীবিত করবে।’
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও কাজটা সহজ হবে না বাংলাদেশের। তবে দলের মনোভাব ইতিবাচক রাখতে টি-টোয়েন্টি সিরিজে ভালো করার ওপর জোর দিচ্ছেন অধিনায়ক।
জ্যোতির ভাষায়, ‘আমার মনে হয় দল হিসেবে গোছানো ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ। মানসিক অবস্থা উন্নত করতে টি-টোয়েন্টি সিরিজে ভালো ফলের কোনো বিকল্প নেই। এটা আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ।’
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বুধবার। ওয়ানডের হতাশা কাটিয়ে টি-টোয়েন্টিতে নতুন শুরুর অপেক্ষায় টাইগ্রেসরা।
৩০ জানুয়ারি থেকে প্রথম বিভাগ লিগ, মার্চে প্রিমিয়ার লিগ
৫১ ডট বল দেয়ার মাশুল গুনলো খুলনা, বরিশালের সহজ জয়
১৩ ম্যাচে ৭১ উইকেট নিয়ে টেস্টের বর্ষসেরা বুমরা