টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ম অবমাননার অভিযোগে তাইজুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক ওই এলাকার বানেছ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, রোববার রাত ৮ টার দিকে ধর্মীয় অবমাননাকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইমুতে শেয়ার করেন তাইজুল। এ সংবাদ তাৎক্ষনিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে পড়েন। পরে রাতেই শতাধিক এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে মারমুখি অবস্থান নেন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

তাইজুল ইসলামের মা তাসলিমা বেগম বলেন, তাইজুল ইসলাম পেশায় একজন নির্মাণ শ্রমিক। তাদের পুরো পরিবার মানিকগঞ্জ জেলার একটি দরবার শরীফের পীরের ভক্ত। মাঝেমাঝে তারা ওই পীরের দরবারে যাতায়াত করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, তাইজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত