বগুড়ার শেরপুরে জমিতে পানি সেচ নিয়ে বিরোধের জেরে বিদ্যুৎচালিত সেচ পাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) উপজেলার কুসুম্বী ইউনিয়নের উত্তর আমইন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোস্তাফিজার রহমান বাদী হয়ে শেরপুর থানায় ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন, উত্তর আমইন গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. আহাদ আলী (৫৫) ও মো. জামাল উদ্দিন (৫২) ও জামাল উদ্দিনের ছেলে দুলাল হোসেন (৩৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মো. আব্দুর রহমানের ছেলে মোস্তাফিজার রহমান উত্তর আমইন গ্রামের বিলচড়া মাঠে বিদ্যুৎচালিত অগভীর নলকূপের মাধ্যমে নিজের জমিসহ ওই এলাকার বেশ কিছু কৃষকের জমিতে ভাড়ায় পানি সেচ পরিচালনা করে আসছিলেন। অভিযুক্ত আহাদ আলী কিছু জমিতে পানি সেচ দিতে মোস্তাফিজারকে নিষেধ করেন। অন্যদিকে জমির মালিকরা আহাদের সাথে টাকায় বনিবনা না হওয়ায় তার কাছ থেকে সেচ নিতে অস্বীকৃতি জানায়।
এর পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষরা মোস্তাফিজারকে হুমকি দেন। এর জের ধরে ২৬ জানুয়ারি দিবাগত রাত ৩টায় মোস্তাফিজারের জমিতে থাকা পাম্পে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানী বাসিন্দা বাচ্চু মিয়া চিৎকার করলে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।
ভুক্তভোগী কৃষক মোস্তাফিজার দেশ রূপান্তরকে বলেন, কিছু বাড়তি আয়ের আশায় ২ লাখ টাকা খরচ করে পাম্পটি কিনেছিলাম। এত নিষ্ঠুর মানুষ হতে পারে তা ভাবতেই পারিনি। দ্রুত দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
এ বিষয়ে সেচ গ্রাহক বাচ্চু, খায়রুল, জাহাঙ্গীর জানান, আহাদের সাথে সেচের দাম নিয়ে বনিবনা না হওয়ায় আমরা মোস্তাফিজারের পাম্প থেকে সেচ দিই। সে অনেক সময় সেচের টাকা বেশি দাবি করে এবং সময়মত পানি না দেয়ায় ফসল নষ্ট হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
অ্যাম্বুলেন্স ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় যুবকের মৃত্যু