স্বামী-সন্তানসহ স্বাভাবিক জীবনে ফেরার আকুতি জানিয়েছেন একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে তিনি এ আকুতি জানান। এদিন মিরপুর থানায় করা হত্যাচেষ্টার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
শুনানিকালে আদালতের কাছে কথা বলার অনুমতি চান রুপা। বিচারক তাকে আইনের ভেতরে থেকে কথা বলতে অনুমতি দেন। অনুমতি পেয়ে রুপা কাঠগড়ার সামনের দিকে এগিয়ে এসে বলেন, ‘আমার ছোট্ট শিশু সন্তান আছে। আমি আর আমার স্বামী দুজনই কারাগারে। ৬ মাস হয়ে গেছে। আমাকে জামিন দিন। আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই।’ শুনানি শেষে আদালত ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে সকালে প্রিজন ভ্যানে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় রুপাকে। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নারীদের সেলে রাখা হয়। একইভাবে সকালে কেরানিগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে রুপার স্বামী একাত্তর টিভির সাবেক বার্তা সম্পাদক শাকিল আহমেদকে আদালতে হাজির করা হয়। এরপর হাজতখানার পুরুষ সেলে রাখা হয়। আলাদা সেলে রাখায় দেখা হয় না এই সাংবাদিক দম্পতির।
মিরপুর থানার এক মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে হাজির করতে প্রস্তুত করা হয় রুপাকে। হাতে হাতকড়া, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো হয় তাকে। এরপর রুপাকে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা সম্পাদক আরিফ হাসানের সঙ্গে সারি সারি করে এজলাসে তোলা হয়।
এজলাসে ঢুকে কাঠগড়ায় ওঠার পরেই রুপা তার স্বামী শাকিলকে খুঁজতে থাকেন। কিন্তু দেখা না মেলায় উদ্বিগ্ন দেখা যায় তাকে। কয়েক মিনিট পর সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের সঙ্গে হাজতখানা থেকে সাংবাদিক শাকিলকে এজলাসে তোলা হয়। শাকিল কাঠগড়ায় উঠতেই যেন প্রাণ ফিরে পান রুপা।
আবেগে আপ্লুত হয়ে এই দম্পত্তি নিজেদের ভিতর আলাপ করতে থাকেন। কখনো কানে কানে, কখনো হাসিমুখে গল্প করতে থাকেন তারা। কাঠগড়ায় যতক্ষণ ছিলেন নিজেরা কথা বলতে থাকেন। পরে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়। এতে মনমরা হতে দেখা যায় রুপা ও শাকিলকে। তাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে শাকিল আহমেদ বলেন, ‘কথা বলতে মানা। মুখ বন্ধ আমাদের।’
পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ, পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন সোনু নিগম
৩০ বছর ক্ষমতায় থাকা লুকাশেঙ্কো আবারও বেলারুশের প্রেসিডেন্ট