দেশ গড়ায় ব্যস্ত না হয়ে নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ছি: রিজওয়ানা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘এখন দেশ গড়ার সময়। দেশ না গড়ে আমরা নিজেরাই সংঘর্ষে জড়িয়ে পড়ছি। এটা কারও জন্য শুভকর হবে না। বিশেষ করে ছাত্র সমাজের ওপর আমরা অনেক ভরসা করি। দেশ থেকে ফ্যাসিবাদ চলে গেছে, গণতন্ত্রের পথে যাত্রার সুযোগ তৈরি হয়েছে। আমরা শিক্ষার্থীদের অভিবাদন জানাই, তারা যেন এই জিনিসটা তাদের মাথায় রাখে।’

ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের ৫৫তম পরিচালনা বোর্ডের সভা শেষে সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি বলেন, ‘ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা কাজ করছে। তারা তদন্ত করে বের করবে এগুলো উসকানিমূলক ছিল কি না। এটা মেডিকেট করার আর কোনো উপায় ছিল কি না। আমরা সকলকে আহ্বান করব ধৈর্য ধরার জন্য। সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথ রয়েছে।’

উপদেষ্টা এক পর্যায়ে বলেন, ‘দেশে বহু নদী ছিল, যা ধীরে ধীরে নাব্যতা সংকটসহ নানা কারণে মারা যাচ্ছে। নদী গবেষণা একটি বড় প্রতিষ্ঠান। নদ-নদী সংক্রান্ত বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, কমিশন গঠন হচ্ছে, অথচ তাদের জন্য বিগত দিনে যে বরাদ্দ ছিল তাতে ভালো কোনো গবেষণা সম্ভব নয় বলে আফসোস করেন।’

এছাড়া নদী থেকে বালু উত্তোলন একটি বড় সমস্যা উল্লেখ করে রিজওয়ানা বলেন, ‘সব সময় বিভিন্ন প্রভাবশালীরা দখল নিয়ে ব্যস্ত থাকেন। গবেষণার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সরকারের সহযোগিতা করা উচিত।’

এছাড়া প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন বাঁধ সংক্রান্ত যে জটিলতা আছে সেগুলো গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন তিনি। এ সময় বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত