সর্বশেষ ২০১০ সালে মুক্তি পাওয়া রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ সিনেমায় দেখা গিয়েছিল রাভিনা ট্যান্ডনকে। নতুন এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর বাংলা সিনেমায় প্রত্যাবর্তন করতে পারেন অভিনেত্রী।
যদি ব্যাটে বলে মিলে যায়, তাহলে প্রায় ১৫ বছর পর বাংলা সিনেমায় দেখা যাবে রাভিনাকে।
‘বানসারা’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত পরিচালক আতিউল ইসলাম। গল্পে পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া এবং পুলিশের টক্কর। তারই মধ্যে রয়েছে অলৌকিক কিছু ঘটনা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্মাতারা রাভিনা ট্যান্ডনকে প্রস্তাব দিয়েছেন। চরিত্রটি নাকি একজন ক্ষুরধার রাজনীতিকের। শোনা যাচ্ছে, ছবির কলকাতা পর্বের শুটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেন।
আতিউল বলেন, ‘বিষয়টা এখনো প্রাথমিক স্তরে রয়েছে। ছবিটা খুবই বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা রাভিনার কথা ভেবেছি।’ পরিচালক জানালেন রাভিনার সঙ্গে তিনি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। ভিডিওকলে এ ছবি নিয়ে দুপক্ষের আলোচনাও হয়েছে। ‘চিত্রনাট্য ওর পছন্দ হয়েছে তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তিনি রাজি হলে, কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন।’
সম্প্রতি পুরুলিয়ায় ‘বানসারা’র আউটডোর শেষ হয়েছে। এবার কলকাতা এবং ঝাড়খন্ডে শুটিং সারবেন পরিচালক। ফেব্রুয়ারির শেষে কলকাতা অংশের শুটিং শুরু হওয়ার কথা। এখন এই ছবির মাধ্যমে শেষ পর্যন্ত রাভিনা বাংলা ছবিতে ফিরে আসবেন কি না, সময়ই তার উত্তর দেবে। পরিচালক জানালেন চলতি বছরে ছবিটি পূজার সময় মুক্তি পেতে পারে।