রোনালদো নট আউট ৯২০

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ এএম

সৌদি প্রো লিগে ১৭তম রাউন্ডের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল আল নাসর। ৮৭ মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা শেষ দুই ম্যাচে তিন গোল করলেন, যা মৌসুমে লিগে তার ১৪তম গোল। আর ক্যারিয়ারের ৯২০তম গোল। শেষ পর্যন্ত নাসর ম্যাচটি জেতে ৩-১ গোলে।

ম্যাচের ৪১তম মিনিটে আল ফাতেহর মারওয়ানে সাদানে আত্মঘাতী গোল করেন। ওই গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিক আল নাসর। ৫৭ মিনিটে অ্যাঞ্জেলোর ফ্রি-কিকে ডিফেন্ডার সিমাকানের হেডে গোল করে ব্যবধান বাড়ান। ৭২ মিনিটে আল নাসরের গোলকিপার বেনটোর ভুলে গোল পায় আল ফাতেহ। ডি-বক্সে বেনটো চাপে পড়ে প্রতিপক্ষের কাছে বল দিয়ে দেন। খালি জালে বল পাঠিয়ে ব্যবধান কমান বাটনা। ৮৭ মিনিটে সাদিও মানের পাস থেকে গোলটি করেন সিআর সেভেন। ম্যাচশেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাদিও মানের সঙ্গে ছবি শেয়ার করে রোনালদো লেখেন, ‘আমরা থামছি না।’ এই জয়ে ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আল নাসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত