ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে বাকি পাঁচ দাবি পূরণের আশ্বাস না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন তারা। সেসব দাবি পূরণে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দিয়েছেন আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে রাজধানীর নিউ মার্কেট থানা ঘেরাও ও ঢাবির বাসসহ কোনো গাড়ি সাত কলেজের সামনে দিয়ে চলতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এর আগে ঢাকা কলেজের অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকের সঙ্গে বৈঠক করেন তারা। সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুর ইসলাম বলেন, ‘আমরা গতকাল শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আমাদের কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ পার করেনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমরা এই সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানাই। বিষয়টি সমাধানের জন্য সকালে আমরা শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমরা ছয় দফা উত্থাপন করেছিলাম। সেখানে একটি দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিল করে সাত কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আমলে নেওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছে। এর জন্য তাদের আমরা সাধুবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘কিন্তু আমাদের এখনো পাঁচটি দাবি বাকি আছে। আমাদের এ দাবিগুলো মেনে নেওয়ার কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়নি। আমাদের একটি দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইডেন ও বদরুন্নেসাসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করেছে। এর দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে।’
মঈনুর বলেন, ‘আমাদের আরেকটি দাবি হচ্ছে, আমাদের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হামলা করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এ হামলার সঙ্গে জড়িত এসি, ওসিসহ সবাইকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে নিয়ে আসার দায় প্রো-ভিসির। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই প্রো-ভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও করব। পাশাপাশি ঢাকা কলেজসহ সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস যেতে দেব না।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি এর মধ্যে সরকার পক্ষ হতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করবে। আমরা কোনো সংঘাত চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। আমরা মূলত একটা প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে আসছিলাম, কিন্তু তারা তা আমলে নেয়নি। তাই আমাদের এ কর্মসূচি।’
