কনস্টাস নয়, গল টেস্টে ওপেন করবেন হেড

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনিং পজিশনে ডেভিড ওয়ার্নারের শূন্যস্থান এখনো পূরণ করতে পারেননি কেউ। আগামীকাল গলে প্রথম টেস্টে আরেকবার বদল হচ্ছে ওপেনার। এই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে উসমান খাজার সঙ্গী হবে ট্রাভিস হেড। শ্রীলঙ্কা সফরে দেশটির অধিনায়ক স্টিভেন স্মিথ আজ জানিয়েছেন এ তথ্য।

ওয়ার্নারের অবসরের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন স্মিথ নিজেও। তবে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারায় বোর্ডার-গাভাস্কার সিরিজে চারে খেলেন ডানহাতি এই ব্যাটার। ওই সিরিজে ভারতের বিপক্ষে খাজার সঙ্গী হয়েছিলেন ন্যাথান ম্যাকসুয়েনি। তিন টেস্ট পর তাকেও বদলে ফেলা হয়। জায়গা পান স্যাম কনস্টাস। অভিষেক ইনিংসে ফিফটি করে নজরও কেড়েছিলেন ১৯ বছরের এ তরুণ।

এবার কনস্টাসের বদলে হেডকে ওপেনিংয়ে আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অজিদের সবশেষ ভারত সফরে ওয়ার্নারের বদলি হিসেবে ওপেন করতে নেমে ৫৫.৭৫ গড়ে রান করেছিলেন হেড। উপমহাদেশীয় কন্ডিশন বিবেচনায় তাই এই সফরে হেডকে বাজিয়ে দেখতে চায় অজি টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক স্মিথ বলেন, ‘ভারতের বিপক্ষে নতুন বলে সে দারুণ করেছিল। তাৎক্ষণিকভাবে সে স্পিনারদের চাপে ফেলতে পারে এবং আমরা সবাই জানি বল যদি ব্যাটে আসে তাহলে পেসারদের বিপক্ষে সে কতটা ভালো খেলতে পারে। নিশ্চই তার খেলা দেখতে পারাটা আনন্দের হতে যাচ্ছে।’

হেডের ওপেনিংয়ে আসার ফলে মধ্য-অর্ডারে একটি জায়গা খালি হয়েছে। এই পজিশনের জন্য লড়াই করছেন কনস্টাস, নাথান ম্যাকসুইনি, কুপার কনোলি এবং জশ ইংলিস। জশ ইংলিস এখনো টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হননি তবে ঘরোয়া ক্রিকেটে ৭২.৬০ গড়ে রান করেছেন।

ম্যাকসুইনি এবং কনোলি দুজনই পার্ট-টাইম অফস্পিন বল করতে পারেন। স্পিন-বান্ধব গলের উইকেটে তাদের অফস্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন স্মিথ। তিনি বলেন, "আমরা উইকেট দেখে টসের সময় একাদশ ঘোষণা করব। আমরা সব বিকল্প খুলে রেখেছি।" অস্ট্রেলিয়ার বোলিং নিয়ে স্মিথ বলেন, "আমাদের দুই পেসার এবং দুই স্পিনার কিংবা তিন স্পিনার নিয়ে খেলার বিকল্প রয়েছে। আমাদের দল ভারসাম্যপূর্ণ।"
গলের চ্যালেঞ্জিং পিচে স্মিথ তার দলের ব্যাটসম্যানদের উদ্দেশ্যে পরামর্শ দেন, "পিচ কখনও স্পিন করবে, কখনও সোজা যাবে। এ দুটির জন্যই প্রস্তুত থাকতে হবে। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই গুরুত্বপূর্ণ।"

স্মিথ নিজেও এই সিরিজে একটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন। তিনি টেস্টে ১০,০০০ রান থেকে মাত্র ১ রান দূরে। স্মিথ বলেন, "সিডনিতে আমি এই বিষয়টি বেশি ভাবছিলাম। এবার আমি শুধু মাঠের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করব।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত