মনিরামপুরে ট্রাকচাপায় নিহত ২

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭ পিএম

যশোরের মনিরামপুরে ট্রাকচাপায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যশোর-চুকনগর মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রুপা খাতুন (৪৫) ও ভ্যানচালক ফেদাইপুর গ্রামের মোসলেম হোসেন (৫৫)।

আহত দুজন হলেন- নড়াইল জেলার জহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সী শিশু কন্যা।
 
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্থানীয়দের বরাতে জানান, চারজন যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা একটি ট্রাক ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলে নিহত হন ভ্যানচালক মোসলেম হোসেন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা রুপা খাতুনসহ তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কতব্যরত চিকিৎসক রুপা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 

ওসি আরও জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলিয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত