নেইমারের ফেরার খবরে উচ্ছ্বাস ছড়িয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে। ইউরোপের বিশাল দুটি ক্লাব—বার্সেলোনা ও পিএসজিতে খেলে নিজেকে তারকায় পরিণত করার পর, সাও পাওলোর ক্লাবটিতে ফিরছেন এই সুপারস্টার। তবে শুধু মাঠে আলো ছড়ানোই নয়, সান্তোসের পুরনো গৌরব ফিরিয়ে আনতে আরও সাতজন আন্তর্জাতিক তারকাকে দলে ভেড়ানোর পরিকল্পনাও নিয়েছেন নেইমার।
ব্রাজিলীয় গণমাধ্যম ইউওএল'র প্রতিবেদন অনুযায়ী, নেইমার ইতোমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড়ের নাম ক্লাব কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছেন। তার স্বপ্নের তালিকায় রয়েছেন ফরাসি মিডফিল্ডার পল পগবা ও অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস, যাঁরা বর্তমানে ফ্রি এজেন্ট। তাছাড়া ব্রাজিলের তারকা থিয়াগো সিলভা, মার্সেলো এবং পাওলো হেনরিক গানসোর নামও আলোচনায় রয়েছে, যাঁরা সবাই নেইমারের ঘনিষ্ঠ বন্ধু।
যদিও এসব ট্রান্সফার এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, তবে কিছু খেলোয়াড়কে দলে নেওয়ার ক্ষেত্রে বাস্তবসম্মত পরিকল্পনা করছে সান্তোস। জুভেন্টাসের মিডফিল্ডার আর্থার মেলো এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে তারা। পারেদেস বর্তমানে ইতালির রোমা ক্লাবে খেলছেন, তবে আর্জেন্টিনার ক্লাব বোকারও নজর রয়েছে তাঁর ওপর।
২৮ বছর বয়সী আর্থারের জুভেন্টাসের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে, কিন্তু নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, ৩০ বছর বয়সী পারেদেসের রোমার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জুনে, এবং তিনি এরই মধ্যে বোকার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তবে নেইমারের উপস্থিতি সান্তোসের জন্য এই দুই খেলোয়াড়কে দলে নেওয়ার ক্ষেত্রে বড় সুবিধা এনে দিতে পারে।
যদি এই দুই মিডফিল্ডারের দলবদল সফল না হয়, তাহলে বিকল্প হিসেবে ইন্টার ক্লাবের থিয়াগো মায়াকে সাইন করানোর চেষ্টা করবে সান্তোস। দলের কোচ পেদ্রো কাইসিনহা ইতোমধ্যে এই মিডফিল্ডারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন, যা চুক্তির সম্ভাবনাকে উজ্জ্বল করছে।
দলের আক্রমণভাগ শক্তিশালী করতে চেলসির তরুণ স্ট্রাইকার ডেভিড ওয়াশিংটনের লোন নেওয়ার পরিকল্পনা করছে সান্তোস। এছাড়া পালমেইরাসের ফরোয়ার্ড রনি ও ব্রাজিলীয় বংশোদ্ভূত সুইডিশ উইঙ্গার নিকলাস এলিয়াসনকে দলে ভেড়ানোর প্রচেষ্টা চলছে। তবে এলিয়াসনের ক্ষেত্রে এথেন্সের এএকেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পাচ্ছে সান্তোস, ফলে তাঁকে নিয়ে আলোচনা আপাতত শিথিল হয়েছে।
এরই মধ্যে ক্লাবটি আসন্ন মৌসুমের জন্য নয়জন নতুন খেলোয়াড়কে দলে যুক্ত করেছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো—ডিফেন্ডার জে ইভালদো ও লুইসাও, ফুলব্যাক লিও গোডয়, মিডফিল্ডার থাসিয়ানো, জে রাফায়েল ও বাররিয়েল, এবং ফরোয়ার্ড গ্যাব্রিয়েল ভেরন ও তিকিনহো সোয়ারেস।
বলিভিয়াকে হারিয়ে ফাইনাল হেক্সাগোনালের পথে আর্জেন্টিনা
সান্তোসে ফেরার আগে আল হিলালের ভক্তদের নেইমারের আবেগঘন বার্তা