ইমতিয়াজ আলীর সিনেমায় ভেদাং-অনন্যা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম

বলিউডের উঠতি সেনসেশন ভেদাং রায়না। জোয়া আখতারের নেটফ্লিক্স প্রজেক্ট ‘আর্চিস’-এ বেশকিছু স্টার কিডের সঙ্গে অভিনয় করলেও ভেদাংই একমাত্র সম্ভাবনা দেখিয়েছিলেন। সুপারস্টার আলিয়া ভাটের সঙ্গে ‘জিগরা’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। এরপর আরও একাধিক সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈষান খাট্টারের একটি একটি ছবিতে কাজ করছেন এই উঠতি সেনসেশন।

এবার আরও বড় খবর দিলেন ভক্তদের। শোনা যাচ্ছে, বলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলী পরিচালিত একটি রোমান্টিক সিনেমার নায়ক হিসেবে ভাবা হচ্ছে তাকে। শুধু তাই নয়, এই ছবিতে তিনি অভিনয়ের সুযোগ পাচ্ছেন এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা অনন্যা পাণ্ডের বিপরীতে। দুজনই এই ছবির জন্য অডিশন দিয়েছেন বলে জানা গেছে।

ফিল্মফেয়ারের একটি সূত্রের বরাতে জানিয়েছে, ‘ভেদাং এবং অনন্যা উভয়েই ইমতিয়াজের ছবির জন্য অডিশন বা লুক টেস্ট করেছেন। তারা এখনও চূড়ান্ত হয়নি। এটি একটি বড় বাজেটের ছবি এবং আমরা বিশ্বাস করি অন্যান্য তারকাদেরও বিবেচনা করা হচ্ছে।’ যদিও কাস্টিং সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই সিনেমা সংশ্লিষ্টদের। তবে ভক্তরা এই নতুন জুটি সম্পর্কে আশাবাদী বলে মনে হচ্ছে।

অনন্যা পান্ডের সময় এখন ভালো যাচ্ছে। চলচ্চিত্রের চেয়ে ওটিটিতে তিনি বেশি সফলতা অর্জন করেছেন। তার হাতে রয়েছে একাধিক বড় বাজেটের ছবি। সেই ছবিগুলো নিয়েই তিনি এখন ভীষণ ব্যস্ত। তাকে ‘কিল’ ছবি দিয়ে উঠে আসা নতুন নায়ক লক্ষ্যের বিপরীতে ‘চাঁদ মেরা দিল’ ছবিতে দেখা যাবে। এছাড়া আইনজীবী সি. শঙ্করন নায়ারের জীবনের উপর ভিত্তি করে একটি ঐতিহাসিক ছবিতেও রয়েছেন অনন্যা। যাতে তার সহ-অভিনেতা অক্ষয় কুমার এবং আর. এাধবন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে অনন্যা সম্ভবত ভিকি কৌশলের সাথে সুপারহিট ‘গালি বয়’ ছবির সিক্যুয়েলেও অভিনয় করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত