অজি নাগরিক দিলশানের মেয়ে হারিয়ে দিলেন অস্ট্রেলিয়াকেই

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম

মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি অল-রাউন্ডার হিসেবে খ্যাতি ছিল শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকরত্নে দিলশানের। তার মেয়ে লিমানসা তিলকরত্নেও হয়ে উঠছেন বাবার মতোই। অনূর্ধ্ব–১৯ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্স পর্বে লিমানসার পারফর্মেন্সেই হার মেনেছে অস্ট্রেলিয়া। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে।

মালয়েশিয়ার বাঙ্গিতে গ্রুপ ১–এর শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমেঅজিরা তোলে ৮ উইকেটে ৯৯ রান। বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট নেন লিমানসা। সেই উইকেটটি ছিল অজিদের সর্বোচ্চ স্কোরার কিওভি ব্রের (২৭)। পাশাপাশি দুর্দান্ত এক ক্যাচ ও একটি রান-আউট করেছেন। পরে ব্যাট হাতে ৬ রানে অপরাজিত থাকেন।

অল-রাউন্ড পারফর্মেন্সে ১৬ বছরের লিমানসার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। লেগ স্পিনার লিমানসাকে নিয়ে বিতর্ক অন্য জায়গায়। জন্ম শ্রীলঙ্কায় হলেও লিমানসা অস্ট্রেলিয়ার নাগরিক। বেড়ে উঠেছেন মেলবোর্নে। ২০২১ সালে মাত্র ১২ বছর বয়সে ভিক্টোরিয়া অনূর্ধ্ব–১৯ দলে ডাক পেয়ে হয়েছিলেন হয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে সর্বকনিষ্ঠ নারী ক্রিকেটার।

অস্ট্রেলিয়ান নাগরিক লিমানসাকে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে নেওয়ায় ব্যাপক বিতর্ক হয়েছিল। কিন্তু লঙ্কান নির্বাচকেরা তাদের সিদ্ধান্তে অটল থাকেন। সেই লিমানসাই নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচে মাত্র ২.৪৮ ইকোনমি রেটে নেন ৬ উইকেট। শ্রীলঙ্কার হয়ে বয়সভিত্তিক বিশ্বকাপ খেললেও লিমানসা মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত