কুমিল্লার দেবীদ্বারে চোর ধরতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে মহিউদ্দিন (৫৯) নামে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে। চিকিৎসকের ভাষ্য, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
মহিউদ্দিন দেবীদ্বার থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন এবং মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাঈদুর রহমানের ছেলে।
দেবীদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস বলেন, উপজেলার বারুর এলাকায় একটি চুরির ঘটনায় রুবেল মিয়া নামের একজনকে চোর সন্দেহে স্থানীয় লোকজন মারধর করেন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মারধরে আহত ওই ব্যক্তিকে পুলিশ সদস্যরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে অটোরিকশা থেকে নামানোর সময় রুবেল পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেন। এ সময় তাকে আটক করতে মহিউদ্দিনসহ অন্যরা ধাওয়া করেন। মহিউদ্দিন রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগের চিকিৎসক মো. ইব্রাহিম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই মহিউদ্দিনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার সার্কেল) মো. শাহীন বলেন, চাকরির বয়স শেষের দিকে আসায় পুলিশ কনস্টেবল মহিউদ্দিনকে তার নিজ জেলায় পদায়ন করা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি স্ট্রোক করে মারা গেছেন। যে ব্যক্তিকে ধাওয়া করা হয়েছিল তিনি পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মুক্তিযুদ্ধ নিয়ে সেই বিতর্কিত প্রবন্ধ প্রত্যাহার করছে ‘ছাত্র সংবাদ’