‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ হওয়ার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু বিদ্যা সিনহা মিমের। এরপর ২০০৭ সালে হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তার।
২০১৪ সালে ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। তবে সিনেমা থেকে ছোট পর্দায় বেশি দেখা মিলত তার। মাঝে ওটিটির কাজও হাতে নিয়েছেন। বছর দুয়েক আগে ‘পরাণ’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ছবিটিও ছিল দারণ ব্যবসাসফল।
২০২৩ সালে সর্বশেষ কলকাতার সিনেমা ‘মানুষ’-এ দেখা গেছে মিমকে। এরপর থেকে অবশ্য রুপালি পর্দায় দেখা মিলছে না এ চিত্রনায়িকার। এরপর ফের সিনেমায় দীর্ঘ বিরতি। অবশ্য ইন্ডাস্ট্রিতেও এখন সেভাবে সিনেমা নির্মিত হচ্ছে না। অন্যদিকে সামনে আসছে ঈদ। তাই এ সময় সিনেমা ছাড়া ভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে মিমকে। ঈদকে সামনে রেখে বিজ্ঞাপন ও ফটোশুটের কাজ হাতে নিয়েছেন তিনি।
বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন মিম। তাই সেসব প্রতিষ্ঠানের ঈদ প্রমোশনের জন্য শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে মিম বলেন, সিনেমার শুটিং না করলেও প্রতিদিন আমার শুটিং ব্যস্ততা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যেহেতু আমি যুক্ত রয়েছি, তাই ঈদকে সামনে রেখে সেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, প্রমোশনের কাজ করছি। এগুলো নিয়েই এখন সারাদিন ব্যস্ত থাকতে হচ্ছে। আপাতত সিনেমার কাজ নেই। ঈদের আগ পর্যন্ত এগুলো নিয়েই
থাকব। চলচ্চিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কয়েকটি সিনেমা নিয়ে কথা হয়েছে। সেগুলো এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া বর্তমানে সিনেমা নির্মাণও অনেক কমে গেছে। সে প্রভাব পড়েছে ঢালিউডে। ঈদের পর আমার কাজ রয়েছে। বিস্তারিত পরে জানাব।
প্রসঙ্গত, বর্তমানে ‘দিগন্তেফুলের আগুন’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে মিম। সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা মোস্তফা মনওয়ার। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দুজনেই।
