বিদেশিদের হারিয়ে রঙহীন রংপুর

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:১৮ এএম

টানা ৮ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চূড়ায় থাকা রংপুর রাইডার্স হঠাৎই বিবর্ণ। টানা তিন ম্যাচে হার, শীর্ষস্থান হাতছাড়া হয়েছে ফরচুন বরিশালের কাছে। একে একে বিদেশি ক্রিকেটাররা ছেড়েছেন রংপুরের তাঁবু, তাতেই যেন রঙ হারিয়েছে রংপুর। গতকাল বুধবার চিটাগং কিংসের কাছে রংপুর রাইডার্স হেরেছে ৫ উইকেটে। তাতে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের সম্ভাবনা উজ্জ্বল করেছে চিটাগং কিংস আর বিদায় হয়ে গেছে ঢাকা ক্যাপিটালসের। বাকি দুটো ম্যাচ জিতলেও তাদের প্লে-অফে খেলার আর কোনো সম্ভাবনাই থাকছে না।

রংপুরের হয়ে ৬ ম্যাচে ১টি সেঞ্চুরিসহ ৫৪.৫০ গড়ে ২১৮ রান করা অ্যালেক্স হেলস পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিপিএল ছেড়ে চলে গেছেন সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি২০ খেলতে। হেলস চলে যাওয়ার পর দুটো ম্যাচ জিতেছে রংপুর, হেরেছে ৩ ম্যাচে। স্টিভেন টেলর, সৌম্য সরকারের উদ্বোধনী জুটি পারছে না ভালো একটা শুরু এনে দিতে, যার ফল ভুগতে হচ্ছে সবাইকে। চলে গেছেন পাকিস্তানের খুশদিল শাহও। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে পাকিস্তানে হবে একটি ত্রিদেশীয় সিরিজ, যেখানে খেলবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডও। চ্যাম্পিয়নস ট্রফির ক্যাম্পে ডাক পেয়েছেন খুশদিল, ত্রিদেশীয় সিরিজে সুযোগ মিললে খুলে যেতে পারে চ্যাম্পিয়নস ট্রফির দরজাও। সেই সুযোগ নিতে খুশদিলও চলে গেছেন, ১০ ম্যাচে ১৬৮ রান করা ও ১৭ উইকেট নেওয়া এই অলরাউন্ডারের অভাবটাও দারুণভাবে টের পাচ্ছে রংপুর।

রংপুরের পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার হোসেন হাফসেঞ্চুরি করেছিলেন অপরাজিত। তার ৪৭ বলে ৬৫ রানের ইনিংসটাই রংপুর রাইডার্সের জ্বালানি, গোটা দলেরই যে সংগ্রহ ৫ উইকেটে ১৪৩ রান। অন্যদিকে চিটাগং কিংসের পাকিস্তানি রিক্রুট হায়দার আলি হাফসেঞ্চুরি পাননি ২ রানের  জন্য, তবে মাঠ ছেড়েছেন দলকে জিতিয়ে। ১৭তম ওভার শুরুর আগে জয়ের জন্য ১৮ বলে ২০ রান দরকার ছিল চিটাগং কিংসের। আকিফ জাভেদের ওভারের প্রথম চার বলে টানা চারটা ছক্কা মেরে কিং খানের দলকে বিদায় করে দিয়েছেন কিংসের হায়দার আলি। তাতেই ১৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে চিটাগং কিংস, ১২ পয়েন্ট পেয়ে তাদের পয়েন্ট টেবিলের তিন বা চারে থাকা অনেকটাই নিশ্চিত। হাতে থাকা আরও ২ ম্যাচ থেকে সম্ভাব্য ৪ পয়েন্ট পর্যন্ত পাওয়া সম্ভব তাদের, সেক্ষেত্রে দুইয়ে উঠে আসাটাও অসম্ভব নয়।

বিদেশিরা চলে যাওয়াতে নয়, সমন্বিত পারফরম্যান্সের অভাবেই জিততে পারছে না রংপুর রাইডার্স, জানালেন সাইফ হাসান, ‘হেলস যাওয়ার পরেও আমরা ৩টা ম্যাচ জিতেছি (আসলে ২টা), আমরা কিছুটা মোমেন্টাম হারিয়েছি, এখন এটা আমাদেরই আনতে হবে। আরেকটা ম্যাচ আছে, খুবই গুরুত্বপূর্ণ, আমরা জিততে পারলে ফাইনালে (কোয়ালিফায়ারে) যাব। দলের কিছু ভুলত্রুটি ছিল, কিছুদিন আমরা ব্যাটিং খারাপ করেছি, কোনোদিন বোলিং খারাপ করেছি, সমন্বিত পারফরম্যান্স দিতে পারিনি।’

তারকা বিদেশি ক্রিকেটারদের দলে নেওয়ার পুরনো ইতিহাস আছে রংপুরের। অতীতে এবি ডি ভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাককালাম, লাসিথ মালিঙ্গা, ক্রিস গেইলসহ অনেকেই খেলেছেন রংপুরের জার্সিতে। আজই (বৃহস্পতিবার) রংপুরের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। তাই শেষ ম্যাচে আর কোনো নামিদামি তারকাকে দেখা যাওয়ার সুযোগ নেই তবে প্লে-অফ পর্বে রংপুরে দেখা যেতে পারে বিশ্ব ক্রিকেটের বড় বড় কিছু নামকে। সংবাদ সম্মেলনের পর রংপুরের কর্মকর্তা আহসানুর রহমান রনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, আন্দ্রে রাসেল, সুনিল নারিনকে আমরা ব্লক করে রেখেছি। যখন যে অ্যাভেইলেবল হবে চলে আসবে।’ এর বাইরে পাকিস্তান থেকে আসিফ আলিকেও উড়িয়ে আনছে রংপুর। তাদের রঙ মেখেই শেষটা কি রঙিন করতে পারবে রংপুর!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত