জোড়া কীর্তি স্মিথের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:১৯ এএম

১ রানের আক্ষেপ নিয়ে সিডনি টেস্ট শেষ করেছিলেন স্টিভেন স্মিথ। যেকোনো টেস্ট ব্যাটসম্যানের জন্য সবচেয়ে সম্মানজনক দশ হাজারী রানের ক্লাবে ঢোকার পথে ওই ১টি রানই যে বাকি ছিল তার। শ্রীলঙ্কা সফরে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে স্ট্যান্ড ইন ক্যাপটেন হিসেবে গল টেস্টে ব্যাটিংয়ে নেমে কাল প্রথম বলেই সেই আক্ষেপ মেটান স্মিথ। ওখানেই শেষ নয়, তুলে নেন ক্যারিয়ারের ৩৫তম টেস্ট সেঞ্চুরি। ১৫ জন ক্রিকেটারের ছোট্ট এই ক্লাবে পঞ্চম দ্রুততম ব্যাটসম্যান হিসেবে পা রাখেন স্মিথ। আর ২ উইকেটে ৩৩০ রানে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া।

গল টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনার হিসেবে ট্রাভিস হেডের শুরুটাও হয়েছে দারুণ। ৪০ বলে ৫৭ রানের ক্যামিও ইনিংসে ১৫ ওভারের মধ্যে ৯২ রানের উদ্বোধনী জুটি গড়ে দিয়ে যান হেড। তার ইনিংসে ছিল ১০টি চার ও ১টি ছক্কার মার। এরপর মারনাস লাবুশেন ২০ রানে ফেরেন। অজি ইনিংসের ১৩৭ রানে তার বিদায়ে ক্রিজে আসেন স্মিথ। প্রথম বলটিই মিডঅনে ঠেলে এক রান নিয়ে গড়ে ফেলেন ইতিহাস। সঙ্গী উসমান খাজার সঙ্গে মুহূর্তটি উদযাপন করেন তিনি। গ্যালারির ছোট্ট একদল অস্ট্রেলিয়ান সমর্থকও করতালিতে অভিবাদন জানায় তাদের ব্যাটিং ভরসাকে। ৩৫ বছর বয়সী স্মিথ এই কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার তিন কিংবদন্তি অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ এবং রিকি পন্টিংয়ের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে। স্মিথ ২০৫তম টেস্ট ইনিংসে ছুঁয়েছেন এই অর্জন, যা ইতিহাসে পঞ্চম দ্রুততম। এ তালিকায় স্মিথের ওপরে রয়েছেন ব্রায়ান লারা (১৯৫ ইনিংস), শচিন টেন্ডুলকার (১৯৫), কুমার সাঙ্গাকারা (১৯৫ ইনিংস) এবং রিকি পন্টিং (১৯৬ ইনিংস) এর মতো কিংবদন্তিরা। তবে ১০ হাজারী ক্লাবের মধ্যে ব্যাটিং গড়ে শুধু মাত্র কুমার সাঙ্গাকারার (৫৭.৪০) পেছনে আছেন স্মিথ (৫৬.৪৪)।

গল টেস্টে স্মিথের আগেই তিন অঙ্ক ছুঁয়ে দেখেন উসমান খাজা। দিনের শেষ দিকে বৃষ্টি বাধা না দিলে টেস্টে নিজের ১৬তম সেঞ্চুরিটিকে ড্যাডি সেঞ্চুরিতে রূপ দিতে পারতেন। ২১০ বলের ইনিংসে ১৪৭ রানে অপরাজিত আছেন এ অজি ওপেনার। অদ্ভুতভাবে হেড ও স্মিথের মতো গল টেস্টের প্রথম দিনে তিনিও ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকিয়েছেন। শ্রীলঙ্কার দুই স্পিনার প্রভাত জয়সুরিয়া ও জেফরে ভ্যান্ডারসে পান একটি করে উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত