ছাড়ে পণ্য কেনার হিড়িক 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ এএম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শেষদিকে এসে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় এখন মুখর। স্টলগুলোর সামনে ক্রেতাদের ভিড়। মেলার ২৯তম দিনে মেলা প্রাঙ্গণে ছিল উপচেপড়া ভিড়। মেলায় বেশি লোকের সমাগমের কারণে এশিয়ান বাইপাস সড়ক ও গাজীপুর বাইপাস সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তির মুখে পড়েন দর্শনার্থীরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, প্রতিটি স্টলের সামনেই দর্শনার্থী ও ক্রেতাদের উপচেপড়া ভিড়। প্রতিটি স্টল সাজানো হয়েছে নানা রঙের লাইটের মাধ্যমে। কয়েকটি স্টলের সামনে টেডিবিয়ারের জামা পরে দর্শনার্থীদের আনন্দ দিতে। প্রথম দিকে মেলায় বেশিরভাগ ঘুরতে এলে শেষের দিকে হওয়ায় সবাই কিনছেন নিজের পছন্দের পণ্য। বিভিন্ন প্রতিষ্ঠান ছাড় দিচ্ছে। তবে অনেকেই অভিযোগ করছেন, ব্যবসায়ীরা ছাড়ের নামে প্রতারণা করছেন। মেলায় গৃহস্থালি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য, কসমেটিকস ও রেস্তোরাঁগুলোয় ভিড় দেখা গেছে। দর্শনার্থীদের অভিযোগ, মেলায় আসতে গিয়ে প্রচন্ড- ধুলোবালি, যানজট ও পরিবহন ভোগান্তিতে পড়তে হয়। যানজটের কারণে এক ঘণ্টার পথে সময় লাগছে তিন ঘণ্টা।

ব্যবসায়ীরা জানান, মেলা শেষের দিকে হওয়ায় দর্শনার্থীদের সংখ্যা অনেক বেশি। প্রথম দিকে মেলায় ক্রেতার সংখ্যা বেশি না হলেও শেষের দিকে হওয়ায় বিক্রি অনেক হচ্ছে। এ কারণে সন্তোষ প্রকাশ করেন তারা। প্রথম দিকে পণ্য বিক্রি কম হওয়ার কারণে ক্ষতির মুখোমুখির শঙ্কায় ব্যবসায়ীরা সময় বাড়ানোর দাবি জানিয়েছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছে। তবে সময় বাড়ানো হবে না বলে ইপিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ফার্নিচার দোকানের কর্মচারী সুমন বলেন, ‘মেলা শেষের দিকে হওয়ায় দর্শনার্থীদের অনেক ভিড়। আমাদের পণ্যও অনেক বেশি বিক্রি হয়েছে।’ একটি কসমেটিস দোকানের বিক্রয়কর্মী নাদিরা আক্তার জানান, মেলা শেষের দিকেও হওয়ায় দোকানে বিক্রি হচ্ছে অনেক। নারীরা নিজেদের পছন্দমতো কেনাকাটা করছেন। হোমটেক্সের বিক্রয়কর্মী জানান, তারা মেলায় বিছানার চাদর, কম্বলসহ বেশ কিছু পণ্য নিয়ে হাজির হয়েছেন। মেলায় শেষের দিকে হওয়ায় সকাল থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করেছেন। বিক্রিও বেড়েছে।

মেলায় কথা হয় আমিন ও সুমাইয়া নামে এক দম্পতির সঙ্গে। তারা জানান, দুজনই একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। মেলায় আসার জন্য ছুটি নিয়েছেন। কেনাকাটার পাশাপাশি খাওয়াদাওয়া করেছেন। তবে আসার সময় যানজটের কারণে কিছুটা ভোগান্তি হয়েছে।

ইপিবির সচিব ও বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘মেলা শেষের দিকে হওয়ার কারণে প্রচুর দর্শনার্থী আসছেন। তারা যাতে হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখছি। মেলায় আজ (গতকাল) প্রচুর লোকের সমাগম হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত