বিপিএলের শুরু থেকে উড়তে থাকা রংপুর রাইডার্স হুট করেই যেন জিততে ভুলে গেছে। আজ তারা খুলনা টাইগার্সের কাছে হেরে গেছে ৪৬ রানের বড় ব্যবধানে। এই নিয়ে টানা চার ম্যাচ হারল প্লে অফ নিশ্চিত করে ফেলা নুরুল হাসান সোহানের দল। রংপুর হারলেও ব্যাট হাতে বিস্ফোরক ইনিংস খেলেছেন সৌম্য সরকার।
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২০ রানের পাহাড় গড়ে খুলনা টাইগার্স। ওপেনিংয়ে নামা নাঈম খেলেন ৬২ বলে ৭ চার ৮ ছক্কায় ১১১ রানের অপরাজিত ইনিংস। আরও কিছু ছোট ছোট ইনিংসে খুলনা বড় স্কোর গড়ে। অধিনায়ক মিরাজ ১২ বলে ২১, উইলিয়াম বেসিস্টো ২১ বলে ৩৬, মহিদুল ইসলাম অংকন ১৫ বলে করেন ২৯ রান।
রান তাড়ায় দলীয় ১১ রানেই প্রথম উইকেট হারায় রংপুর। তবে একপ্রান্ত আগলে বোলারদের শাসন করে যান ইনজুরি কাটিয়ে ফেরা সৌম্য সরকার। ৩১ বলে তুলে নেন ফিফটি। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠে তার ব্যাট। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে, তাকে কেউই সঙ্গ দিতে পারেননি। অধিনায়ক সোহান, আজিজুল হাকিম, আকিফ জাভেদ কোনো রানই করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন শেখ মাহেদি।
শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে সৌম্য খেলেন ৪৮ বলে ৬ চার ৫ ছক্কায় ৭৪ রানের ইনিংস। ২০ ওভারে ৯ উইকেটে ১৭৪ রানেই থামে রংপুর রাইডার্স। ১২ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে রংপুর দ্বিতীয় স্থানে। শীর্ষে আছে ফরচুন বরিশাল। অন্যদিকে ১১ ম্যাচে ৫ জয়ে পঞ্চম স্থানে আছে খুলনা টাইগার্স। জমে উঠেছে প্লে অফের লড়াই।
নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকলেন মিরাজ ভক্ত
নায়িকাকে মেসেজ পাঠালে সমস্যা কোথায়? – প্রশ্ন শাদাবের
খাজার প্রথম ডাবল সেঞ্চুরি, গলে অস্ট্রেলিয়ার রানের পাহাড় 