একঝাঁক তরুণ জেতালেন টটেনহামকে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১০:২৮ এএম

টটেনহামের জয়খরা কাটল একঝাঁক তরুণের হাত ধরে। ইউরোপা লিগের ম্যাচে সুইডিশ ক্লাব এলফসবর্গের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে আনজে পোস্টেকোগলুর দল, যেখানে গোল করেছেন ২০ বছর বয়সী ডেন স্কারলেট, ১৯ বছর বয়সী দামোলা আজাই ও মাত্র ১৭ বছর বয়সী মিকি মুর।

বিশেষ করে মুর রচনা করেছেন ইতিহাস। ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক গোল করে তিনি হয়ে গেলেন ইউরোপিয়ান প্রতিযোগিতায় গোল করা সবচেয়ে কম বয়সী ইংলিশ ফুটবলার। ভেঙে দিলেন জিমি গ্রিভসের ১৯৫৭ সালে গড়া রেকর্ড (১৭ বছর ২৪৫ দিন)।

পূর্ব লন্ডনের এই তরুণ ফুটবলার মাত্র সাত বছর বয়স থেকেই আছেন টটেনহামের একাডেমিতে। তার উত্থান নিয়ে সতীর্থ জেমস ম্যাডিসন তো বলেই দিয়েছেন, '৪৫ থেকে ৬৫ মিনিট পর্যন্ত আমার মনে হচ্ছিল, বাম উইংয়ে নেইমার খেলছে!'

প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচ জয়শূন্য থাকার পর ইউরোপা লিগে নেমেছিল টটেনহাম। কিন্তু এলফসবর্গের বিপক্ষে প্রথম এক ঘণ্টা ধরে কষ্ট করতে হয়েছে তাদের। ইনজুরির কারণে বদলি হিসেবে নামা রাদু দ্রাগুসিন ছিটকে যাওয়ায় দল আরও বিপাকে পড়ে।

শেষ পর্যন্ত নির্ভার করেন তরুণ স্কারলেট। ৭১ মিনিটে হেডে দলকে এগিয়ে নেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড। তিন মিনিট পরেই দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ১৯ বছর বয়সী আজাই।

আর সবশেষ মুরের দুর্দান্ত গোল ম্যাচে এনে দেয় চূড়ান্ত স্বস্তি। ডান দিক থেকে বল পেয়ে বক্সের ভেতরে ঢুকে নিচু শটে লক্ষ্যভেদ করেন এই তরুণ মিডফিল্ডার।

ম্যাচ শেষে কোচ পোস্টেকোগলু বললেন, 'আমি বলেছি, এই রাতটা পুরোপুরি টটেনহামের একাডেমির জন্য। আমাদের জানা ছিল, এই প্রতিযোগিতায় কিছু তরুণদের ওপর ভরসা করতে হবে। ওরা দারুণ খেলেছে, শুধু তিন গোলদাতা নয়, আরও কয়েকজন তরুণ আমাদের ছন্দ ধরে রেখেছে।'

পিটার ক্রাউচ তো মজা করেই বললেন, 'একজন সমর্থক বলছিল, শুধু তরুণদেরই খেলতে দাও, নতুন কাউকে কিনতে হবে না!'

এই জয় মানে টটেনহাম ফেব্রুয়ারির প্লে-অফ এড়াতে পেরেছে। এখন তাদের মনোযোগ দিতে হবে লিগে। সামনে রয়েছে এফএ কাপের চতুর্থ রাউন্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ, লিগ কাপের সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে ফিরতি লেগ, সঙ্গে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ লড়াই।

তবে এই জয় শুধু ইউরোপা লিগের নকআউট নিশ্চিতই করেনি, বরং পুরো ক্লাবকে নতুন করে চাঙ্গা করে তুলেছে। ক্রাউচের কথায়, 'এতদিন টটেনহামের সমর্থকদের জন্য খুব ভালো সময় যাচ্ছিল না। কিন্তু আজকের রাতটা তাদের স্মরণীয় হয়ে থাকবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত