চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি, তবু হতাশ নন শরিফুল

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০২:২৭ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা হয়েছে কদিন আগেই। তবে দলে জায়গা পাননি বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। বিপিএলের শুরুতে ছন্দে না থাকায় নির্বাচকরা তাকে স্কোয়াডে রাখেননি। যদিও ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট হলেও সাম্প্রতিক ফর্ম যে বড় ভূমিকা রেখেছে, সেটাই বোঝা যাচ্ছে।

তবে শরিফুল হতাশ নন, বরং ভাগ্যের ওপর আস্থা রাখছেন। স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে তার সহজ-সরল প্রতিক্রিয়া, 'আল্লাহ যখন যেটা রিজিকে লিখে রেখেছেন, সেটাই হবে। আগে-পরে কোনো বিষয় না। জানি না… তবে আফসোস নেই। আল্লাহ হয়তো ভালো কিছু কপালে লিখে রেখেছেন।' এরপর যোগ করেন, 'না না, খারাপ লাগছে না (দলে জায়গা না পেয়ে)। অনেক খুশি আমি, আল্লাহর ওপর ভরসা আছে।'

বিপিএলের শুরুতে টানা ব্যর্থ ছিলেন শরিফুল। তবে গ্রুপ পর্বের শেষ দিকে নিজের ছন্দ ফিরে পেতে শুরু করেছেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট, যা তার আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করেছে।

এই ছন্দে ফেরার পেছনে চিটাগং কিংসের প্রধান কোচ শন টেইট এবং দলের অ্যানালিস্ট নাসির আহমেদের অবদান রয়েছে বলে জানিয়েছেন শরিফুল। কোচ ও অ্যানালিস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আসলেই শুরুতে হচ্ছিল না। আমি নিজেও পরে একটু ঘাবড়ে গিয়েছিলাম। কোচ তখন আমার সঙ্গে খুব পজিটিভ একটি মিটিং করেন। আমার ওপর বিশ্বাস রাখেন। সঙ্গে নাসু (নাসির আহমেদ) ভাইও। তারা বলেন যে, যত ম্যাচ যাবে, তত রিদম ফিরবে।'

বিপিএলের প্রথম দিকে ছন্দ হারালেও পরিশ্রম থামাননি শরিফুল। বিশেষ করে নতুন বলে বোলিং নিয়ে কাজ করেছেন। ইনজুরির কারণে এফোর্ট কমে গিয়েছিল, শরীর আগেই পড়ে যাচ্ছিল—এগুলো নিয়েই অনুশীলনে বেশি মনোযোগ দিয়েছেন তিনি।

'এসব নিয়েই কাজ করছিলাম। অনুশীলনে নতুন বলে বেশি বেশি বল করছিলাম। এখন আর ফিরতে পেরেছি। ইনজুরির কারণে এফোর্ট একটু কম হচ্ছিল। শরীর আগেই পড়ে যাচ্ছিল। এটাই অনুশীলনে চেষ্টা করছিলাম,'—বলেছেন শরিফুল।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও পারফরম্যান্স ধরে রাখলে ভবিষ্যতে জাতীয় দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল হবে শরিফুলের। আপাতত তিনি বিপিএলে নিজের ফর্ম ধরে রাখার দিকেই নজর দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত