সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ পিএম

রংপুরে গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার সকালে তাকে চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবী রানী রায় এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আসামিপক্ষের আইনজীবী হিসেবে আদালতে শুনানিতে অংশ নেন লিগ্যাল এইডের অ্যাডভোকেট ইতফা আক্তার।

সাবেক মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামানকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির মধ্যে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার বলেন, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত