বিপিএলে পেসারদের আগ্রাসন নতুন কিছু নয়। তবে সেই আগ্রাসন যদি সীমা ছাড়িয়ে যায়, শাস্তিও পেতে হয়। ঠিক যেমনটা হলো সিলেট স্ট্রাইকার্সের তরুণ পেসার তানজিম হাসান সাকিবের ক্ষেত্রে। অনফিল্ড আচরণবিধি লঙ্ঘনের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
বিপিএলের গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে সিলেট স্ট্রাইকার্স, তাই এই নিষেধাজ্ঞা তানজিমের বিপিএল ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না। তবে আগামী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যে দলেই খেলুন, সেখানেই প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি।
ঘটনাটি ঘটেছে চিটাগং কিংসের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ম্যাচের তৃতীয় ওভারে চিটাগং কিংসের ব্যাটার গ্রাহাম ক্লার্ককে আউট করার পর তাকে উদ্দেশ্য করে কিছু বলেছিলেন তানজিম, যা চোখ এড়ায়নি অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের।
ম্যাচ শেষে দুই আম্পায়ার বিষয়টি রিপোর্ট করেন ম্যাচ রেফারি এহসানুল হক সেজানের কাছে। তদন্ত শেষে তানজিমকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
এর আগে, ১২ জানুয়ারি খুলনা টাইগার্সের মোহাম্মদ নাওয়াজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তানজিম। সেই ঘটনায় তাকে তিনটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে চারটি ডিমেরিট পয়েন্ট জমা হলে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তানজিমের ক্ষেত্রেও সেটাই হয়েছে।
যদিও এই শাস্তি শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটের জন্য প্রযোজ্য। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পাওয়া তানজিমের আন্তর্জাতিক ক্যারিয়ারে এর কোনো প্রভাব পড়বে না। তবে নিয়মিত আগ্রাসী আচরণের কারণে তরুণ এই পেসারকে সতর্ক হতে হবে।
