গল টেস্টে অস্ট্রেলিয়ার জয় প্রায় নিশ্চিতই মনে হচ্ছিল, কিন্তু তৃতীয় দিনের বেশির ভাগ সময় বৃষ্টি কেড়ে নেওয়ায় এখন ভাবতে হচ্ছে নতুন কৌশল। শ্রীলঙ্কাকে ১৩৬-৫ রানে নামিয়ে আনার পর অস্ট্রেলিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। কিন্তু দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে বৃষ্টি সব হিসাব বদলে দেয়।
স্থানীয় সময় বেলা ২টা ৩০ নাগাদ উত্তর দিক থেকে ঘন কালো মেঘ মাঠ ঢেকে ফেলে। কিছুক্ষণ পর মাঠকর্মীরা কাভার সরালেও ফের বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা অপেক্ষার পর দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এখন প্রশ্ন হলো, অস্ট্রেলিয়া কি ফলো-অন প্রয়োগ করবে? অস্ট্রেলিয়া ঐতিহাসিকভাবে ফলো-অন দেওয়ার ক্ষেত্রে বেশ সতর্ক, কারণ টেস্ট ইতিহাসে চারটি ফলো-অন পরবর্তী হার এর মধ্যে তিনটিতেই হেরেছে অজিরা। তবে এই ম্যাচে ফলো-অন করাই তাদের জন্য জয়ের সবচেয়ে সহজ রাস্তা হতে পারে।
'এটি পুরোপুরি স্মাজ (স্টিভ স্মিথ) এবং রন (কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড)-এর সিদ্ধান্ত। তারা রাতে আলোচনা করে কাল সকালের পরিকল্পনা ঠিক করবে,' বলেছেন অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাট কুনেমান।
বৃষ্টির আগে সকালের সেশনেই শ্রীলঙ্কার দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক (২/১৩) তার সুইং কাজে লাগিয়ে কামিন্দু মেন্ডিসকে (১৫) উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ক্যাচ বানান। ম্যাট কুনেমান (২/৪৮) শ্রীলঙ্কান অধিনায়ক ধানাঞ্জয়া ডি সিলভাকে (২২) স্টাম্পড করান ক্যারির হাতে।
শ্রীলঙ্কার জন্য আশার আলো হয়ে ছিলেন দিনেশ চান্দিমাল। ৩৫ বছর বয়সী ব্যাটার ৬৩ রানে অপরাজিত থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ইনিংসের মাঝপথে স্টার্কের একটি বাউন্সার তার কোমরে আঘাত করলেও ফিজিওর চিকিৎসা নিয়ে ব্যাটিং চালিয়ে যান। গলে ২০২২ সালে ২০৬ রানের অপরাজিত ইনিংস খেলা এই ব্যাটারকে দ্রুত ফেরানোই এখন অস্ট্রেলিয়ার প্রধান লক্ষ্য।
“চান্দিমাল দারুণ ব্যাট করছে, আমাদের তাকে ডিফেন্সে বাধ্য করতে হবে। ব্যাট-প্যাড বা স্লিপে ক্যাচ নেওয়ানোর পরিকল্পনা থাকছে,” বলেন কুনেমান।
চান্দিমালের সঙ্গে অপরাজিত আছেন কুশল মেন্ডিস (১০)।
সিরিজের প্রথম টেস্ট থেকে বাদ পড়া স্যাম কনস্টাস পেটের অসুখে ভুগছেন, তবে দলের দাবি এটি গুরুতর কিছু নয়। লেগস্পিনার তানভীর সাঙ্গা দলে যোগ দিচ্ছেন বিকল্প খেলোয়াড় হিসেবে, তবে মূল একাদশে খেলার সম্ভাবনা নেই।
আগামীকাল যদি আবহাওয়া ভালো থাকে, তাহলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে স্মিথের এক সিদ্ধান্তেই—ফলো-অন নাকি ভিন্ন কৌশল?
বিপিএলে আক্রমণাত্মক আচরণ, ডিপিএলে দুই ম্যাচ নিষিদ্ধ সাকিব
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি, তবু হতাশ নন শরিফুল
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন মার্শ