নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন ইলন মাস্ক। স্লোভেনিয়ার রাজনীতিনিবিদ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট সদস্য ব্রাঙ্কো গ্রিমস গতকাল এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। বার্তায় নোবেল কমিটির ইমেইলও সংযুক্ত করেছেন গ্রিমস।
এক্স-বার্তায় গ্রিমস বলেন, বাকস্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার। মাস্ক দীর্ঘদিন ধরে এ অধিকারের বিস্তার ও সুরক্ষায় কাজ করছেন। নোবেল শান্তি পুরস্কারের জন্য তার দল নরওয়ের নোবেল কমিটি বরাবর পিটিশন জমা দিয়েছিল। নোবেল কমিটি তাতে সায় দিয়ে মাস্ককে ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ডিসেম্বরে গ্রিমস ব্রাসেলসে এক অনুষ্ঠানে বলেছিলেন, বাকস্বাধীনতার বিস্তার ও সুরক্ষার জন্য মাস্কের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্য। গ্রিমসের এ মন্তব্যের এক মাসের মধ্যেই মাস্ককে মনোনয়ন দিল নরওয়ের নোবেল কমিটি। গত বছর ফেব্রুয়ারিতেও নরওয়ের সাংসদ মারিয়াস নিলসেন নোবেল শান্তি পুরস্কারের জন্য ইলন মাস্ককে মনোনীত করেছিলেন। বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টেসলা এবং স্পেসএক্সের স্বত্বাধিকারী মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেরও মালিক, যা একসময় টুইটার নামে পরিচিত ছিল। ২০২৩ সালে টুইটারের মালিকানা কিনে নেন তিনি।
