রিয়ালকে পেয়ে ডার্বির অনুভূতি হচ্ছে গার্দিওলার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮ এএম

নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এই নিয়ে ইউরোপ সেরার মঞ্চে টানা চারবার মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের শীর্ষ দুই ক্লাব। এই ঘটনাকে তাই ডার্বির মতো মনে হচ্ছে সিটি কোচ পেপ গার্দিওলার।

লিগের প্রথম পর্ব শেষে শেষ ষোলোয় সরাসরি জায়গা করে নিয়েছে শীর্ষ আট দল। নিয়ম অনুযায়ী, নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো শেষ ষোলোর বাকি আটটি স্থানের জন‍্য দুই লেগের প্লে-অফ খেলবে। একাদশ স্থানে থেকে প্রাথমিক পর্ব শেষ করেছে রিয়াল মাদ্রিদ আর সিটি শেষ করেছে ২২তম স্থানে থেকে। তাই এই দুই দলকেই প্লে অফ খেলতে হচ্ছে।

গতকাল শুক্রবার ড্রয়ের পর প্রতিক্রিয়ায় পেপ গার্দিওলা বলেন, ‘টানা চার বছর রিয়াল মাদ্রিদের মুখোমুখি হব আমরা। এটা আমার কাছে ডার্বির মতো মনে হচ্ছে। তবে বায়ার্ন কিংবা মাদ্রিদ, দুই দল সত‍্যিই কঠিন প্রতিপক্ষ। আশা করি, আমরা এখানে (ঘরের মাঠে) প্রথম লেগে জিততে পারব এবং তারপর মাদ্রিদে যতটা সম্ভব ভালো খেলতে পারব।’

অন্যদিকে দুদিন আগেই রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, সিটি মুখোমুখি হতে চান না তারা। এবার তিনি সেই কথারই পুনরাবৃত্তি করলেন, ‘আশা করেছিলাম, তাদের বিপক্ষে খেলতে হবে না।কিন্তু আমরা শীর্ষ আটে থাকতে পারিনি এবং তাই এই প্রতিপক্ষ ঠিক আছে। দুটো ম্যাচ বেশি বা কম খেলা বিষয় নয়…বেশি ম্যাচের চাপ মোকাবেলা করার জন্য আমাদের খেলোয়াড় আছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত