বিশ্ব ইজতেমায় শনিবার সকাল পর্যন্ত মোট তিন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দিবাগত রাতে এক মুসল্লি মৃত্যুবরণ করেন। তার নাম ইয়াকুব আলী (৬০)। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাগবপুর গ্রামের মৃত নওয়াব উল্লার ছেলে।
শুরায়ী নেজাম, তাবলীগ জামাত বাংলাদেশ এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে তার খিত্তায় অসুস্থ হয়ে ইয়াকুব আলী মৃত্যুবরণ করেন। ইজতেমা ময়দানে জানাজা শেষে তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।
এর আগে শুক্রবার দুপুরের দিকে শেরপুর ৪৬ নং খিত্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন ছাবেদ আলী নামে এক মুসল্লি। এদিন সকাল সাড়ে দশটার দিকে খুলনা জেলার আব্দুল কুদ্দুস গাজী নামে আরেক মুসল্লী মৃত্যুবরণ করেন। এ নিয়ে বিশ্ব ইজতেমায় শনিবার সকায় পর্যন্ত তিনজন মুসল্লির মৃত্যু হয়েছে।
