কুমিল্লার নাঙ্গলকোটে ড্রেন থেকে শাহরিয়ার হোসেন প্রলয় (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) পৌর সদরের গোত্রশাল গ্রামের মুক্তিযোদ্ধা বাড়ির সামনে ওই তরুণের লাশ পাওয়া যায়। শাহরিয়ার একই গ্রামের মো. শামসুল হকের ছেলে এবং চট্টগ্রামে একটি কাপড় দোকানে চাকরি করতেন।
শাহরিয়ারের পিতা শামছুল হক বলেন, শাহরিয়ার শুক্রবার রাত ৮টার দিকে তার মায়ের জন্য ওষুধ আনতে নাঙ্গলকোট বাজারে যায়। পরে তার দেরি দেখে মোবাইলে বার বার কল দেওয়া হয়। সেই সঙ্গে খোঁজও নেওয়া হয়। একপর্যায়ে ফোনটি বাজতে শুরু করলে মুক্তিযোদ্ধা বাড়ির সামনের ব্রিজের ড্রেনে তাকে পাওয়া যায়। পরে লোকজন ডেকে তাকে বাড়িতে নিয়ে যাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওষুধ নিয়ে ফেরার পথে ব্রিজের সামনে খিঁচুনি উঠে ড্রেনে পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয় ব্যবসায়ী গালিব বলেন, শাহরিয়াররা দীর্ঘদিন ধরে গোত্রশালে বসবাস করে আসছে। পরিবারের তিন ভাইবোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। শনিবার রাত ২টায় তার বাবার আর্তচিৎকারে আমরা দৌড়ে যাই। দেখি ড্রেনের ওপর তার লাশ পড়ে আছে।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছিল। পরে তার পিতা জানায় সে দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে ভুগছিল। এ রোগের কারণে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত না করে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়।
সারজিস আলমের স্ত্রীর পরিচয় জানা গেল