সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই: সংস্কৃতি উপদেষ্টা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, গণমাধ্যমে একটা সংবাদ ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হচ্ছে, বই ছাপানোর আগে বাংলা একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া উচিত। এটা হাস্যকর। আমাদের সরকারের নীতিমালার আশপাশেই নেই।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তফা সরয়ার ফারুকী এ কথা বলেন।

এর আগে শুক্রবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে নিজেদের ভাবনার কথা তুলে ধরেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম।

তারা বলেন, ‘অস্থিতিশীল’ পরিস্থিতি তৈরি করতে পারে- এমন কন্টেন্ট ঠেকাতে মেলায় বই প্রকাশের আগেই পাণ্ডুলিপি যাচাইয়ে বাংলা একাডেমিকে অনুরোধ জানিয়েছে পুলিশ। ডিএমপি চাইছে, ২০২৬ সালের একুশে বইমেলা থেকে এই ব্যবস্থা চালু হয়।

এ নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। সেটা যদি আমাকে গালাগালি করেও হয়, এতে কিছু যায় আসে না। আর বই প্রকাশে সেন্সর করব, এই ভুল-বোঝাবুঝি এখানেই দূর করতে চাই। অন্তর্বর্তী সরকারের বই সেন্সরের পরিকল্পনা নেই। কোনো পুলিশ কর্মকর্তা যদি এটা বলে থাকেন, সেটা তিনি তার ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন। এটার সঙ্গে আমরা একমত নই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত