অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য নয়: ড. মোশাররফ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অনির্দিষ্টকালের জন্য নয়। তাদের প্রতিশ্রুতি অনুযায়ী ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেওয়া উচিত। দেশ অনির্দিষ্টকালের জন্য কারও শাসনে থাকতে পারে না।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সভায় এসব কথা বলেন তিনি।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীদের জেল জুলুমসহ অনেক অত্যাচার করেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন করেছি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল। বর্তমানে তিনি বিদেশে চিকিৎসাধীন। শুধু তাই নয় দলের কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে নির্যতন ও হয়রানি করা হয়েছে। সবকিছুর পরও আমরা গত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সকলকে ঐক্যবদ্ধ করেছি। যার ফলে স্বৈরাচার শেখ হাসিনার পতনে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে ওঠে।

তাই নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসিনি। আমরা ভোটের মাধ্যমে, জনগণের মতামতের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগ যেসব অপকর্ম করেছে, সারাদেশেই আমাদের কেউ কেউ আমরা ক্ষমতায় চলে এসেছি মনে করে অপকর্ম করার চেষ্টা করছে বলে আমাদের কানে আসছে। তাদের উদ্দেশ্যে বলছি— এত ত্যাগ স্বীকার করে গত ১৫ বছর ধৈর্য ধরেছেন, অত্যাচার সয্য করেছেন এখন যদি আজকে জনগণের মতকে ধরে রাখতে না পারেন তাহলে তো জনগণ দায়ী হবে না আমরা দায়ী হবো।

বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিস্ট হাসিনা যেভাবে স্বৈরাচারী আচরণ করেছে, সেভাবেই জনগণ তাদেরকে বিতাড়িত করেছে এদেশের মানুষের ওপর নির্যাতন করার জন্য। 
নেতা-কর্মীদের না বলে এই শেখ হাসিনা তার বোনকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। পতিত সরকারের কর্মীরা বাংলাদেশ নিয়ে নানা রকম ষড়যন্ত্র করছে। 

দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, দাউদকান্দি উপজেলা বিনেপির আহবায়ক আবদুল লতিফ ভূইয়া ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম প্রমূখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত