নির্বাচিত সরকার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, এ জন্য দরকার নির্বাচিত সরকার। সংস্কারের নামে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘স্বপ্নের মুরাদনগর,তরুণ প্রজন্মের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ১৫৪টি স্কুল, কলেজ ও মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘মুরাদনগর ছাত্র একতা সংঘ’ এ আয়োজন করে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাদের মতামত নিয়ে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে হবে। নির্বাচিত সরকারই দেশের মূল সংস্কার করবে।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে তরুণরা অকাতরে জীবন দিয়েছে। আমরা সবাই তাদের এই আত্মত্যাগকে স্বীকার করি। আমাদের তরুণ প্রজন্ম যে ত্যাগ স্বীকার করেছে, তা বৃথা যেতে দেওয়া যাবে না।
বিএনপির এ নেতা বলেন, আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যায়। মুরাদনগরকে একটি স্বপ্নের মুরাদনগর হিসেবে গড়ে তুলি।
সাবেক অধ্যক্ষ কামাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাজী শাহ আরফিন। এসময় আরও বক্তব্য রাখেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী, মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর মুফতি আমজাদ হোসাইন, নায়েবে আমীর হাফেজ আমিনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোমান আহম্মেদ বাদন, শ্রীকাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৈকত ইসলাম নাহিদ, কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সোনালি আক্তার, অধ্যাপক আব্দুল মজিদ কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান সিয়াম, মুরাদনগর মুজাফফারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ উল্লাহ ওমায়ের, অষ্টম শ্রেণির শিক্ষার্থী হাফেজ কাজী আশরাফ ইবনে জুন্নুন, নবীয়াবাদ মাদ্রাসার শিক্ষার্থী জাহিদ হাসান প্রমুখ।
