ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে দল কিনেছেন প্রযুক্তি দুনিয়ার দুই শীর্ষ নির্বাহী সত্য নাদেলা ও সুন্দর পিচাই। মাইক্রোসফট ও গুগলের এই প্রধান নির্বাহীদের নেতৃত্বাধীন 'ক্রিকেট ইনভেস্টর হোল্ডিংস লিমিটেড' নামের একটি কনসোর্টিয়াম লন্ডন স্পিরিটের ৪৯ শতাংশ শেয়ার কিনেছে। বিশাল এই বিনিয়োগে তাদের খরচ হয়েছে ১৪.৫ কোটি ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০০ কোটি টাকা।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজিত নিলামে সিলিকন ভ্যালির কনসোর্টিয়াম ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক গ্লেজার ফ্যামিলি, চেলসির মালিক টড বোয়েলি এবং আইপিএলের লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে টপকে এই শেয়ার কিনেছে।
দ্য হান্ড্রেডের আট দলেরই মালিক ইসিবি হলেও, লন্ডন স্পিরিটের মালিকানা ইসিবি উপহার দিয়েছে লর্ডসভিত্তিক মেরিলিবোন ক্রিকেট ক্লাবকে (এমসিসি), যারা ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা হিসেবেও পরিচিত।
'ক্রিকেট ইনভেস্টর হোল্ডিংস লিমিটেড' কনসোর্টিয়ামের নেতৃত্বে আছেন পালো আলতো নেটওয়ার্কসের প্রধান নির্বাহী নিকেশ অরোরা। এছাড়া গুগলের পিচাই, মাইক্রোসফটের নাদেলা, অ্যাডোবির শান্তনু নারায়ন, টাইমস ইন্টারনেটের ভাইস চেয়ারম্যান সত্যন গজওয়ানিসহ আরও ১১ জন উচ্চ সম্পদশালী ব্যক্তি রয়েছেন বিনিয়োগকারী হিসেবে।
একই দিনে আরেক নিলামে ওয়েলশ ফায়ারের ৪৯ শতাংশ শেয়ার কিনেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা সঞ্জয় গোভিল, যার জন্য খরচ হয়েছে ৪ কোটি পাউন্ড।
এর আগে বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ানসের মালিকপক্ষ ওভাল ইনভিন্সিবলের ৪৯ শতাংশ শেয়ার কেনে ৬ কোটি পাউন্ডে। অন্যদিকে, বার্মিংহাম সিটি ফুটবল ক্লাবের মালিক নাইটহেড ক্যাপিটাল বার্মিংহাম ফিনিক্সের ৪৯ শতাংশ কিনেছে ৪ কোটি পাউন্ডে।
ইসিবি এখনো সাউদার্ন ব্রেভ, ট্রেন্ট রকেটস, ম্যানচেস্টার অরিজিনালস ও নর্দার্ন সুপারচার্জার্সের শেয়ার বিক্রির অপেক্ষায় আছে। তবে ইতোমধ্যে প্রযুক্তি জগতের বড় নামগুলো ইংলিশ ক্রিকেটে যে প্রভাব ফেলতে শুরু করেছে, তা স্পষ্ট।
ইমনের ৭৫ এর পর শামিমের ক্যামিও, কিংসের ২০৬
বিজয়ের ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে জানে না বিসিবি, গঠন হচ্ছে স্বাধীন তদন্ত কমিটি