বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক পরিশোধে গাফিলতির অভিযোগ দীর্ঘদিনের। তবে চলতি আসরে বিষয়টি আরও তীব্র আকার ধারণ করেছে। পারিশ্রমিক না পাওয়ায় কিছু খেলোয়াড় অনুশীলন বর্জন, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট এবং দলের সঙ্গে অবস্থান না করার মতো ঘটনাও ঘটেছে।
বিপিএলের মতো দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বিষয়টি নজরে এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কয়েকদিন আগে এনএসসি এই ইস্যুতে তদন্ত কমিটি গঠন করে। এবার এই বিতর্কের মধ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে বিসিবির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা রাজশাহী দলের মালিকের সঙ্গে আলোচনা করার কথা জানান। তিনি বলেন, 'আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্ট ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন, তাহলে কথা বলার সুযোগ থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নেব।'
তিনি আরও বলেন, 'আমি স্পষ্টভাবে বলেছি, আপনারা যদি সময়মতো পারিশ্রমিক পরিশোধে ব্যর্থ হন, তাহলে আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।'
বিপিএলের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশ কয়েকবার ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তেমন কোনো পরিবর্তন আসেনি। বরং প্রতি আসরেই একই ধরনের অভিযোগ উঠছে।
এবার সেই বিতর্ক আরও প্রকট হয়েছে, যা বিদেশি খেলোয়াড়দের আস্থার সংকট তৈরি করতে পারে। এ অবস্থায় ক্রীড়া উপদেষ্টার হুঁশিয়ারি বাস্তবায়িত হলে ভবিষ্যতে বিপিএলের মান ও গ্রহণযোগ্যতা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
২২০০ কোটি টাকায় লন্ডন স্পিরিট কিনলেন নাদেলা আর পিচাই
ইমনের ৭৫ এর পর শামিমের ক্যামিও, কিংসের ২০৬