সুস্থ হয়ে সৌদি আরবের উদ্দেশে দুবাই ত্যাগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গত শুক্রবার আমিরাতের স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে ইকে ৮০৩ ফ্লাইটে করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় লুৎফুজ্জামান বাবরের সঙ্গে ছিলেন ছেলে লাবিব বিন জামান ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহিম রিপন।
ওমরাহ পালনে সৌদি আরবের জেদ্দা যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইনসে হঠাৎ প্রচ- শ^াসকষ্ট হলে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে প্রায় আট ঘণ্টা চিকিৎসা নিয়ে অনেকটা সুস্থ হয়ে উঠেছেন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরে তিনি সৌদি আরবের উদ্দেশে দুবাই ত্যাগ করেন।
আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, দুবাই হাসপাতালে জরুরি বিভাগে প্রায় আট ঘণ্টা চিকিৎসা নেন লুৎফুজ্জামান বাবর। সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রাখেন। শুক্রবার দুপুরে তিনি সুস্থতা অনুভব করলে তাকে সৌদি আরবে যাওয়ার অনুমিত দেওয়া হয়। পরে বিকেলে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দুবাই থেকে জেদ্দার উদ্দেশে রওনা দেন।
