রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দিল এস্পানিওল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ এএম

টানা চার জয়ের পর লা লিগায় অবশেষে হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ, সেটাও আবার শক্তিতে অনেক পিছিয়ে থাকা দল এস্পানিওলের কাছে। শনিবার রাতের ম্যাচটি ১-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। এই নিয়ে আসরে তৃতীয় হারের তেতো স্বাদ পেল কার্লো আনচেলত্তির দল।

এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা-আক্রমণ চললেও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দল। পঞ্চদশ মিনিটে পায়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন রিয়ালের অভিজ্ঞ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। তার বদলি নামেন তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিও। ২২তম মিনিটে ভিনিসিউস জুনিয়র বক্স থেকে বল জালে পাঠালেও গোল হয়নি।

৩৯তম মিনিটে রিয়াল গোলমুখে প্রথম শট নেয়। জুড বেলিংহ্যামের সেই শট ঠেকিয়ে দেন গোলকিপার। ৭২তম মিনিটে বেলিংহ্যামের কোনাকুনি শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ৭৬তম মিনিটে কাছ থেকে রদ্রিগোর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে। ৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোল করে রিয়ালকে স্তব্ধ করে দেন রোমেরো।

দারুণ এই জয়ে অবনমন স্তর থেকে বেরিয়ে এলো এস্পানিওল। ২২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন ১৭ নম্বরে। ২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত