বছরব্যাপী হারামাইনে কোরআনের সেশন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩২ এএম

ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান মক্কার মসজিদে হারাম। এখানে কোরআন-হাদিস চর্চার বিশেষ ব্যবস্থা প্রায় সারা বছরই থাকে। গত বছরব্যাপী চলে কোরআন তেলাওয়াত ও মুখস্থের অনেকগুলো সেশন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপক উপস্থিতি ছিল। সৌদি আরবের ধর্মবিষয়ক প্রেসিডেন্সির তথ্য অনুযায়ী ২০২৪ সালে প্রায় ২ লাখ ১০ হাজার ৮৪৮ জন পুরুষ ও নারী এসব সেশনে অংশ নিয়েছেন।

গত বছর মোট ৭৫ হাজার ১৯০টি সেশন আয়োজিত হয়েছিল, যা সম্পন্ন হতে সময় লেগেছে প্রায় ৪৮ হাজার ৬৭৮ ঘণ্টা। এই সেশনগুলোতে নিয়মিত ক্লাস, অনলাইন কোর্স এবং দর্শনার্থীদের জন্য বিশেষ কোর্স অন্তর্ভুক্ত ছিল। পুরুষ ও নারীদের জন্য আলাদা সময়সূচির ব্যবস্থা করা হয়েছিল, যা তাদের জন্য অংশগ্রহণ সহজ করে তোলে। সেশনগুলো পরিচালনার জন্য নিয়োজিত ছিলেন ২১৩ জন বিশেষজ্ঞ, যারা কোরআন তেলাওয়াত ও হিফজ শিক্ষায় পারদর্শী। সৌদির ধর্মবিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, এই সেশনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মসজিদে আগত মুসল্লি ও দর্শনার্থীরা সহজ ও সঠিক পদ্ধতিতে কোরআন শেখার সুযোগ পান এবং এতে অংশগ্রহণকারীরা শুদ্ধ তাজবিদসহ কোরআন তেলাওয়াত ও মুখস্থ করতে পারেন।

মসজিদে হারামে ওমরাহ পালন শেষে অধিকাংশ মুসলমান মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করতে যান, যা ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। গত বছর মসজিদে নববীতে কোরআন মুখস্থ করার জন্য ৬০ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী অংশ নেন। এই অংশগ্রহণকারীদের বয়স ছিল চার বছর থেকে ৯১ বছর পর্যন্ত। সেখানে ১ হাজার ৯০০টি সেশন এবং ৯০০টি অনলাইন কোর্স পরিচালিত হয়।

সূত্র : গালফ নিউজ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত