‘এসি রুমে না থেকে’ মাঠের ক্রিকেটে ফিরতে চান হান্নান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ এএম

আট বছর বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচকের দায়িত্ব পালন করার পর গত মার্চে জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেন হান্নান সরকার। তবে এবার নির্বাচকের কাজ ছেড়ে হান্নান ফিরছেন তার পুরনো পেশা কোচিংয়ে। পদত্যাগপত্র জমা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। পদত্যাগপত্রে জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত নির্বাচকের দায়িত্ব পালন করতে চান।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে কোচিং পেশায় ফিরতে পারেন হান্নান। গণমাধ্যমকে হান্নান বলেন, ‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।’

হান্নান আরও জানান, ‘নিজের দিক থেকে মনে হয়েছে, এসি রুমে বসে না থেকে মাঠের ক্রিকেটে কাজ করতে পারলে আমি বেশি অবদান রাখতে পারব।’ খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার আগেই ২০১০ সালে বিসিবির লেভেল ওয়ান ও পরের বছর লেভেল টু কোচিং কোর্স করেছেন হান্নান। বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট ও ২০ ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান এর আগে বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি এবং ডিপিএলে শেখ জামালের হয়ে কোচিং করিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত