মার্চে চীনে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। সেভাবেই পরিকল্পনা জানিয়েছিল বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। সেই আসরের প্রস্তুতি ইমরানের নেওয়ার কথা ছিল ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের মধ্য দিয়ে। তবে ইমরান ফেডারেশনকে জানিয়েছেন তিনি দুই আসরের কোনোটিতেই খেলবেন না। এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ফেডারেশনকে একেক সময় একেক কারণ জানাচ্ছেন ইমরান। কখনো বলছেন চোটের কারণে খেলবেন না। আবার কখনো বলছেন, তিনি শতভাগ সুস্থ। মূলত এসএ গেমসকে লক্ষ্য রেখে তিনি বুঝেশুনে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আবার ইমরান এই প্রতিবেদককে জানিয়েছেন, কোনো কিছুই আসলে নিশ্চিত হয়নি। বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপের বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন ফেডারেশনের ওপর। আর জাতীয় চ্যাম্পিয়নশিপের বিষয়টি নির্ভর করছে দল পাওয়ার ওপর।
ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে, ইমরানের প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, তার চিকিৎসক ও কোচের পরামর্শে জাতীয় চ্যাম্পিয়নশিপ ও বিশ্ব ইনডোরে অংশগ্রহণ করবেন না তিনি। তবে দুটি আসরে অংশগ্রহণ না করেও তিনি চান ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে।
এর আগে শুরু থেকেই যুক্তরাজ্য প্রবাসী এই স্প্রিন্টার জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে। প্রতিবারই সংস্থাটিকে এনে দিয়েছেন স্বর্ণপদক, নিজেও হয়েছেন দ্রুততম মানব। তবে এবার যে ইমরান সেনাবাহিনীতে নেই বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার কোচ ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফরিদ খান চৌধুরী। ইমরানও বিষয়টি নিশ্চিত করে বলেছেন। এদিকে ইমরানের চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করে ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘ও (ইমরান) একেক সময় একেক রকম কারণ বলছে না খেলার জন্য। চিঠিতে এ রকম বলেছে। আবার মুখে জানিয়েছে চোট আছে, অসুস্থ। তাই বুঝতে পারছি না ও কী করবে।’
