হোটেলবন্দিত্ব ঘুচল বার্ল-হারিসদের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ এএম

এবারের বিপিএলে পথচলা শেষ হয়ে যাওয়ার পরও বিতর্ক পিছুই ছাড়ছে না দুর্বার রাজশাহীর। লিগ পর্বের শেষ দিনে খুলনার জয়ে কপাল পোড়ে বিজয়দের। সমান পয়েন্ট হলেও নেট রানরেটের বিচারে পাঁচে নেমে গিয়ে ১ ফেব্রুয়ারিই শেষ হয়ে যায় ফ্র্যাঞ্চাইজিটির এবারের আসর। এরপর একদিন পেরিয়ে গেলেও দুর্বার রাজশাহীর দুর্ভাগা বিদেশি ক্রিকেটাররা থেকে গিয়েছিলেন টিম হোটেলেই। কারণ ওই পুরনো ইস্যু পারিশ্রমিকের সঙ্গে নতুন যোগ হওয়া ফিরতি ফ্লাইটের টিকিট না পাওয়া। গতকাল পুরো দিন এ নিয়ে আবার সমালোচিত হওয়ার পর হুঁশ ফেরে ফ্র্যাঞ্চাইজিটির। বিকেলের দিকে ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটারদের দেশছাড়া বিষয়ক সমস্যাটির আংশিক সমাধান হাজির করে দলটির মালিকপক্ষ।

এক বিবৃতিতে রাজশাহীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়, ২ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারলাইনসে করে হারারেতে ফিরবেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। এছাড়া পাকিস্তানের ক্রিকেটার ও কোচদের দেশে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে সংকট কেটেছে। আজ সোমবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ থাই এয়ারলাইনসে চড়ে লাহোরের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন মোহাম্মদ হারিস। পাকিস্তানের তরুণ ওপেনারের সঙ্গে একই দিনে দেশে ফিরবেন রাজশাহীর প্রধান কোচ ইজাজ আহমেদ।

আসরের মাঝপথে রাজশাহী উড়িয়ে এনেছিল মিগুয়েল কামিন্সের মতো অখ্যাত অজানা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারকে। তিনিও বাড়ি ফেরার সুসংবাদ পেয়েছেন। ৫ ফেব্রুয়ারি তার ফ্লাইট। তবে এখনো পর্যন্ত কপাল মন্দ মার্ক দেয়াল ও আফতাব আলমের মতো ক্রিকেটারদের। ফ্র্যাঞ্চাইজিটি তাদের ফিরতি টিকিটের বন্দোবস্ত এখনো করে উঠতে পারেনি। এমনকি টিম বাসের পাওনা বাকি থাকায় কিছু ক্রিকেটারের কিট ব্যাগ আটকে রেখেছে বাস মালিক কর্র্তৃপক্ষ। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বয়ে চলা বাসটির চালক বলেন, ‘টপ ক্রিকেটারদের ব্যাগ আমার গাড়ির মধ্যে আছে। বিকেলের মধ্যে আমাদের পাওনা ক্লিয়ার করার কথা ছিল। এখনো করেনি। এখন কোনো নিউজও পাচ্ছি না, টাকাও পাচ্ছি না। টাকা না পেলে তো আমি কিট ব্যাগ দিতে পারব না। উনাদের আমি বিশ্বাস করব কীভাবে!’

ক্রিকেটারদের পারিশ্রমিক ও দৈনিক ভাতা বকেয়া, চেক প্রত্যাখ্যাত হওয়া, ক্রিকেটারদের অনুশীলন এমনকি ম্যাচ বয়কট করা, হোটেল-বাসের বকেয়া পাওনা, ফিক্সিং সন্দেহের তীর ধেয়ে আসার মতো সমালোচনায় পুরো বিপিএল জুড়েই জেরবার হতে হয়েছে দুর্বার রাজশাহীকে। পারিশ্রমিক ইস্যুতে শুক্রবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফ্র্যাঞ্চাইজি মালিক শফিক রহমানের কাছ থেকে মৌখিক প্রতিশ্রুতি নিয়েছেন। তার ব্যত্যয় ঘটলে দিয়েছেন আইনি পথে হাঁটার হুমকি। তবুও ফ্র্যাঞ্চাইজি হিসেবে রাজশাহী দুর্ভোগ দিয়েই যাচ্ছেন সংশ্লিষ্টদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত