মেসিকে দুই বার ফাউল করে লাল কার্ড দেখল পানামার খেলোয়াড়

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১ পিএম

রবিবার ইন্টার মিয়ামি প্রাক-মৌসুম তৃতীয় প্রীতি ম্যাচে পানামার স্পোর্টিং সান মিগুয়েলিটোকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে লিওনেল মেসি দুটি গোল তৈরি করে দলকে এগিয়ে নেন। কিন্তু ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় ছিল মেসির ওপর আক্রমণাত্মক আচরণ এবং মেসির সতীর্থদের তার পক্ষে দাঁড়ানোর দৃশ্য।  

ম্যাচের দ্বিতীয়ার্ধে সান মিগুয়েলিটোর রক্ষণভাগের খেলোয়াড় আইমার কুন্দুমি মেসির উপর কঠোর ট্যাকল করেন। কুন্দুমি একটি স্লাইড ট্যাকলে মেসির পায়ে আঘাত করলে মেসির সতীর্থরা এতে তীব্র প্রতিবাদ জানান। দুদলের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। এরপর মেসি এবং কুন্দুমির মধ্যে আরও একবার সংঘর্ষ হয়, যেখানে কুন্দুমি মেসির সাথে ধাক্কাধাক্কি করেন। শেষ পর্যন্ত রেফারি কুন্দুমিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।  

মেসির পক্ষে মার্সেলো ওয়েইগান্ড, টোটো অ্যাভিলেস, ডেভিড রুইজ, সার্জিও বুস্কেটস, লুইস সুয়ারেজ এবং ইয়ানিক ব্রাইটসহ বেশ কয়েকজন ইন্টার মিয়ামি খেলোয়াড় কুন্দুমির আক্রমণাত্মক ট্যাকলের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মেসি ৭৬তম মিনিটে মাঠ ছাড়েন এবং সাইডলাইনে গিয়ে ইন্টার মিয়ামির কোচ এবং তার সাবেক সতীর্থ হাভিয়ের মাস্চেরানোর সাথে কথা বলতে দেখা যায়। 

ম্যাচের প্রথমার্ধে মেসি বেঞ্জামিন ক্রেমাশচির গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৪৫+১ মিনিটে ওয়েইগান্ডের সাথে একাধিক পাস বিনিময়ের পর মেসি ক্রেমাশচিকে গোল করার সুযোগ তৈরি করে দেন। এরপর ৬৪তম মিনিটে মেসি ফাফা পিকল্টকে দিয়ে গোল করান। 

ইন্টার মিয়ামির নতুন খেলোয়াড় তাদেও আলেন্দে ম্যাচে তার প্রথম গোলটি করেন। ৪৮তম মিনিটে একটি স্লাইডিং শটে গোলটি করেন আর্জেন্টাইন এই রাইট উইঙ্গার। 

এই ম্যাচের আগে, ইন্টার মিয়ামির প্রথম প্রীতি ম্যাচে মেসি মেক্সিকোর লিগা এমএক্স চ্যাম্পিয়ন ক্লাব আমেরিকার বিপক্ষে একটি গোল করেছিলেন। তবে গত বুধবার পেরুর চ্যাম্পিয়ন ইউনিভার্সিটারিওর বিপক্ষে তিনি গোলশূন্য ছিলেন।  
এমএলএসের নতুন মৌসুম শুরুর আগে অরলান্ডো সিটির সঙ্গে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত