ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি দিচ্ছেন তারেক রহমান

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম

উপহারের বাড়ি পাচ্ছেন ৯ বছর আগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবার। মাসুদের স্ত্রী আয়েশা আক্তার নবম শ্রেণিতে পড়ুয়া একটি কন্যা সন্তান নিয়ে অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। এমন খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এ উপহার দিচ্ছেন।

আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারের জন্য নব-নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করবে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ ছাড়া আরও উপস্থিত থাকবেন— বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, সদস্য সচিব ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক  আতিকুর রহমান রুমন।

এছাড়া ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হবে। এ সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

উপহারের বাড়ি পাওয়ার খবরে তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাসুদের স্ত্রী আয়েশা আক্তার। তবে তিনি অভিমানের সুরে জানান, বিগত বছরগুলোতে হাতেগোনা কয়েকজন নেতা ছাড়া কেউ তেমন খোঁজ খবর নেয়নি,মেয়েকে নিয়ে বহু কষ্টে দিনযাপন করতে হচ্ছে।

জানা গেছে, মোহাম্মদ মাসুদ ফেনীর সোনাগাজী উপজেলার যুবদল নেতা ছিলেন। তার স্ত্রী আয়েশা আক্তার জানান ২০১৬ সালের ২২ জুন তাকে চট্টগ্রামের সীতাকুণ্ড  উপজেলার কুমিরা থেকে র‍্যাব গ্রেপ্তার করে। তিন দিন আটক রাখার পর ২৫ জুন চরছান্দিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্নে মাঠে র‍্যাব মিথ্যা অভিযোগে তাকে বন্দুক যুদ্ধের নামে হত্যা করে। ওই সময় র‍্যাবের সহায়তায় তার স্বামীকে হত্যার জন্য নিজ দল ও শাসক দলের কয়েকজনকে দায়ী করে বিচারও চেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত