রিমান্ড শুনানি শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম

পঞ্চগড়-২ আসনের সাবেক সাংসদ ও সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে তিনদিনের রিমান্ড শুনানি শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে কারাগারে পাঠান। 

তবে এদিন সুজনের আইনজীবীরা জামিনের আবেদন করেননি। এ ছাড়া তিনি ১৬৪ ধারায় তদন্তকারী কর্মকর্তার কাছে জবানবন্দি দেননি বলে জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে তাকে আদালতে তোলার পরে পাঁচদিনের রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সুজনকে রিমান্ডের জন্য পঞ্চগড় সদর থানায় নিয়ে আসা হয় শনিবার বিকেলে। সোমবার দুপুর পর্যন্ত চলে রিমান্ড। পরে সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করে সদর থানা পুলিশ। শুনানি শেষে পঞ্চগড়-২ আসনের সাবেক সাংসদ ও সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠান আদালত।

শুনানিতে সরকার পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল, সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন সহ ৪-৫ জন আইনজীবি উপস্থিত ছিলেন।

আসামি পক্ষে আইনজীবী মির্জা সারোয়ার হোসেন, আলী আসমান বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন।

পঞ্চগড়-২ আসনের সাবেক সাংসদ ও সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের শারিরীক অবস্থা জানতে চাইলে আদালতকে তিনি বলেন, আমি সুস্থ আছি। আমার কোনো সমস্যা হয়নি এবং হচ্ছে না। আমি ষড়যন্ত্রের শিকার। এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আমি যেই লেভেলে আছি। যেই লেভেলে আমার অবস্থান। সেই লেভেলে আমি কোনো ষড়যন্ত্র করলে সেটা হতে পারে ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ব্যারিস্টার নওশাদ জমিরের সাথে। কিন্তু একজন ইজিবাইক চালক তার সাথে আমার কোনো বিরোধ নেই। শুধু রাজনৈতিক কারণে আমাকে এই মামলায় আনা হয়েছে। আমার সাথে এই মামলায় সাবেক পঞ্চগড়ের এত এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অনেককে আসামি করা হয়েছে। আমরা সবাই ষড়যন্ত্রের শিকার। শুধু আমি না আমাদের বিরুদ্ধে এইভাবে সারাদেশে ষড়যন্ত্রমূলক মামলা হচ্ছে। আমি সম্পূর্ণ নিদোর্ষ। যেহেতু আমি এই ঘটনার সাথে সম্পৃক্ত নই। আদালত যেন আমার জামিনের বিষয়টি বিবেচনা করেন।

আসামি পক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, আমরা সোমবার আদালতে কোনো জামিনের আবেদন করিনি। জামিনের আবেদন মঙ্গলবার আদালতে দেয়া হবে। সুজন সাহেব সুস্থ আছেন বলে আদালতকে জানিয়েছেন। আমরাও দেখেছি তিনি সুস্থ আছেন।

সরকার পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল বলেন, বিগত দিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। আমরা বর্তমানে যেহেতু ন্যায় বিচার প্রতিষ্ঠায় এগিয়ে চলছি। আসামির রিমান্ডের আগে ও পরে স্বাস্থ্য পরীক্ষার এখন ন্যায় বিচারের উদাহারণ। পুলিশ যাতে আসামিকে কোনো টর্চার করতে না পারে বা টর্চার করে কোনো ধরনের উৎকোচ গ্রহণ করতে না সে বিষয়টি ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম উদাহারণ। আজকে যেহেতু আসামি পক্ষ জামিনের আবেদন করেননি। সেহেতু আমরাও কোনো বিরোধিতা করিনি। পরে আদালত তাকে জেলহাজতে পাঠান।

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ৫ আগস্ট দুপুর থেকে গুম হয় আল আমিন। এ ঘটনায় আল আমিনের বাবা মনু মিয়া গত ১০ নভেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজন সহ ১৯ জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা দায়ের করেন। এ মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত