তিতুমীরের শিক্ষার্থীরা মানুষকে অতিষ্ঠ করে ফেলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৬ পিএম

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনে অতিষ্ঠ নগরবাসী। দিনের পর দিন চলা এই আন্দোলনে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থী তো লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে। দিনের পর দিন কিন্তু তাদের এ দাবি-দাওয়া বেড়েই চলছে। এটার পেছনে কারা জড়িত সেটাও কিন্তু আপনারা জানেন, এটা কিন্তু আপনারা প্রচার করেন না।

এদিকে সোমবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেছেন। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেললাইন অবরোধ করায় সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত