আ. লীগের লিফলেট বিতরণ বা কর্মসূচিতে গেলেই গ্রেপ্তার: প্রেস উইং

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ পিএম

আওয়ামী লীগের লিফলেট যারাই বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মেদ।

শফিকুল আলম বলেন, আমাদের কড়া বার্তা, যারাই পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা চালাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, পাঁচ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে।

প্রেস সচিব বলেন, পরিষদ জানিয়েছে ৫ আগস্টে পর বিভিন্ন ঘটনায় ২৩ জন‌ মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এ ছাড়া ১৭৪টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি।

এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ হত্যাকাণ্ডের অভিযোগ ওঠার পর সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। পুলিশের কাছে তথ্য পাঠিয়ে অনুসন্ধান করতে বলা হয়। পুলিশ তদন্ত শেষে জানায়, ২৩টির মধ্যে ২২টি ঘটনা খতিয়ে দেখা গেছে, একটিতেও সাম্প্রদায়িক হত্যার ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত