ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের অনুষ্ঠানে বাবা-ছেলেকে গুলি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ এএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের গুলিতে আব্দুল খলিল মিয়া (৫৫) ও তার ছেলে মো. আসিফ (২০) আহত হয়েছে বলে জানিয়েছে স্বজনরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে ওইদিন সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহত খলিল মিয়া নবীনগর উপজেলার বডি-কান্দি পশ্চিম পাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে।

আহতদের স্বজন শিউলি আক্তার বলেন, ‘আজকে খলিল মামার ভাতিজার বিয়ের অনুষ্ঠান ছিল। সকালের দিকে তুচ্ছ বিষয় নিয়ে প্রতিপক্ষের লোকজন পিস্তল ও বন্দুক নিয়ে হামলা চালায়। এতে খলিল মামা ও তার ছেলে গুরুতর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তাদের চিকিৎসা চলছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘আজ সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে তাদের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত